প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযান: কিশোর গ্যাং ও ভবঘুরেসহ আটক ৪২, মুচলেকায় মুক্তি ৩৭

ভৈরবে কিশোর গ্যাং অভিযান
আজকের কথা ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে কিশোর গ্যাং সদস্য ও ভবঘুরেদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৩৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোমবার (১৫ জুন) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ভৈরব শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করে ভৈরব থানা পুলিশ।

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ভৈরবে মাদক, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত দুই সপ্তাহে বিভিন্ন কিশোর গ্যাং রেলপথ ও সড়ক অবরোধ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এসব ঘটনার প্রেক্ষাপটে শহরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকা, মাদক স্পট এবং অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভবঘুরে ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৪২ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে এনে সচেতনতামূলক বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ। তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এএসপি আবু মুছা শেখ বলেন, “ভৈরবে দিন দিন কিশোর গ্যাং ও ভবঘুরে কিশোরদের দৌরাত্ম্য বাড়ছে। তারা বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর বাজার ও অপরাধপ্রবণ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অবস্থান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, আটক ৪২ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে সাধারণ ক্ষমা প্রদর্শন করে পরিবারের কাছে মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট পাঁচজনের মধ্যে তিনজনের কাছ থেকে সুইস গিয়ার (চাকু) ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া দুইজনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভৈরবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন