
ঝিনাইদহ জেলা শহরের পাশে রেললাইন নির্মাণ এবং মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলার সার্বিক উন্নয়ন ও জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুত এ দুটি প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।
শনিবার (২০ জুন) সকালে শহরের পায়রা চত্বরে ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরেই রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। একই সঙ্গে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতেও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের।
তারা অভিযোগ করেন, ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হলেও সেটি জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফলে সদরসহ জেলার অন্যান্য পাঁচ উপজেলার মানুষকে চিকিৎসা ও শিক্ষা সেবা নিতে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হবে, যা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।
মানববন্ধন থেকে বক্তারা ঝিনাইদহ শহরের নিকটবর্তী স্থানে মেডিকেল কলেজ স্থাপন এবং জেলার সঙ্গে রেল যোগাযোগ চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক এ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

