

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের (প্রতিমন্ত্রীর আস্থাভাজন হতে) প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে অবশেষে চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং ডেইলি নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন। এ ঘটনাকে ঘিরে বগুড়ার সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার সবচেয়ে আলোচিত দিক হলো, যাকে ঘিরে মানহানির অভিযোগ, সেই প্রতিমন্ত্রী নিজে বা তার পরিবারের কেউ মামলা না করলেও একজন সাংবাদিক বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের একাংশ প্রশ্ন তুলেছেন এবং এটিকে নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন।
মামলার আসামিরা হলেন দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস।
মামলার বাদী তানভীর আলম রিমন তার আরজিতে উল্লেখ করেছেন, বিবাদীরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
মামলার নথি অনুযায়ী, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাংবাদিক ছিলেন দাবি করে এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তাকাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহ আলম’ শিরোনামে একটি পোস্ট প্রচার করা হয়। এছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
বাদী তার আবেদনে আরও উল্লেখ করেন, বিবাদীরা নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রকাশ ও প্রচার করেছেন। এর ফলে শুধু প্রতিমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয়নি, জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে।
মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ এবং ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ প্রসঙ্গে তানভীর আলম রিমনের দেওয়া এক বক্তব্যে বলেন, “আমরা দীর্ঘ ৩২ বছর পর একজন প্রতিমন্ত্রী পেয়েছি। তাকে নিয়ে মিথ্যাচার করা হলে জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। উন্নয়ন বঞ্চিত বগুড়ার একজন মানুষ হিসেবে আমি মামলাটি করেছি। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। মিথ্যা তথ্য প্রকাশকারীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সে কারণেই আমি আদালতের শরণাপন্ন হয়েছি।”
বাদীপক্ষের আইনজীবী এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, “আইন অনুযায়ী যে কেউ সংক্ষুব্ধ হয়ে মামলা করতে পারেন। মামলার বাদী তানভীর আলম রিমনের কোনো ব্যক্তিগত লাভ বা ক্ষতির বিষয় এখানে নেই। প্রতিমন্ত্রীর সম্মানহানি হয়েছে বলে তিনি নিজেকে সংক্ষুব্ধ মনে করেছেন এবং সে কারণেই মামলাটি করেছেন।”
গত সোমবার বিকেলে মামলার শুনানি শেষে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সদর থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এদিকে মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয়। এরই অংশ হিসেবে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার (১৯ জুন) আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলাটি নিয়ে সাংবাদিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, যদি সত্যিই প্রতিমন্ত্রীর মানহানি হয়ে থাকে, তাহলে তার পরিবার, রাজনৈতিক দল বা তিনি নিজেই আইনি পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু একজন সাংবাদিক হয়ে অন্য চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় পেশাজীবী মহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
তাদের মতে, একজন সাংবাদিকের পক্ষ থেকে এ ধরনের মামলার বাদী হওয়া নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তারা মনে করেন, বিষয়টি শুধু মানহানির অভিযোগ নয়, সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত পরিবেশের সঙ্গেও সম্পর্কিত।
একাধিক সাংবাদিকের অভিযোগ, তানভীর আলম রিমন প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ বা আস্থাভাজন হিসেবে পরিচিত এবং সে কারণেই তিনি এ মামলায় বাদী হয়েছেন। যদিও এ অভিযোগের বিষয়ে তানভীর আলম রিমনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে দৈনিক আজকের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সত্য সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিককে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মামলাটি করা হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের পদক্ষেপ সাংবাদিকতার স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।
তার মতে, একজন সাংবাদিকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তার প্রতিকার আইনের মাধ্যমে হওয়া উচিত। তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় পেশাজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনাটি বর্তমানে বগুড়ার সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একজন প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে তার পরিবর্তে একজন সাংবাদিকের বাদী হওয়া, চার সাংবাদিককে আসামি করা এবং পরবর্তীতে একজন সম্পাদককে গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে। মামলার পরবর্তী কার্যক্রম ও আদালতের সিদ্ধান্তের দিকে এখন সবার নজর।