এবার সোর্সসহ দুই পুলিশ গণপিটুনির শিকার হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দুই পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা দুই সোর্স স্থানীয় জনতার গণপিটুনির শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার ও কনস্টেবল আরিফুল ইসলাম দুইজন সোর্সকে সঙ্গে নিয়ে ধোপাপট্টি এলাকার ‘আইনজীবীর বাড়ি’ নামে পরিচিত একটি বাসায় অভিযান চালান।
স্থানীয়দের অভিযোগ, অভিযানের একপর্যায়ে কনস্টেবল আরিফুল ইসলাম আলমারির একটি ড্রয়ার থেকে একটি স্বর্ণের চেইন নিজের পকেটে রাখেন। বিষয়টি বাড়ির লোকজনের নজরে এলে তারা উপস্থিত ব্যক্তিদের পরিচয়পত্র দেখতে চান। অভিযোগ অনুযায়ী, তারা তখন পরিচয়পত্র দেখাতে পারেননি।
এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে ওই চারজনকে মারধর করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে স্বর্ণের চেইন নেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে একটি বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেখানকার লোকজনকে থানায় আসতে বলা হয়েছে।
বিষয়টি বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

