দেবীদ্বারে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা করার মতো এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার বাগুর এলাকার জান্নাতুল মাওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার শৌচাগারে ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে হেফজ বিভাগের ছাত্র আরাফাত রহমান (১৪)। শুক্রবার (২০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবীদ্বার উপজেলার বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় শেষে আরাফাত মাদ্রাসা থেকে একটি রশি নিয়ে শৌচাগারে প্রবেশ করে। দীর্ঘসময় ধরে সে বাইরে না আসায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করতে থাকে এবং শৌচাগারের দরজায় ধাক্কা দেয়। সাড়া না পেয়ে তারা বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে কর্তৃপক্ষ দরজা ভেঙে দেখে, সে ফ্যানের ভেন্টিলেটরে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে।

পরে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মাদ্রাসার অভ্যন্তরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে জান্নাতুল মাওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাজহারুল হক সিরাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।”
মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা ঘিরে এলাকাবাসীর মধ্যে শোক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে। কী কারণে এমন ঘটনা ঘটলো, সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ বিরাজ করছে।

রোমানা আক্তার