

সাংবাদিক মুক্তি—নীলফামারীতে আটক হওয়া কুমিল্লার দুই সাংবাদিক শাহাজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৮ জুন) রাতে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান।
এর আগে বেড়াতে গিয়ে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে একটি বিশেষ বাহিনী। বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাফেরা করার সময় সন্দেহের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় বলে জানায় পুলিশ।

শাহাজাদা এমরান দৈনিক আমাদের কুমিল্লা-এর ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক দিনকাল-এর প্রতিনিধি। অপরদিকে তরিকুল ইসলাম তরুণ দৈনিক মানবকণ্ঠ-এর কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাদের মোবাইল বন্ধ পাওয়ায় এবং কোনো খোঁজ না মেলায় শুক্রবার (২৭ জুন) রাত থেকেই পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। শাহাজাদা এমরানের স্ত্রী কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন শনিবার।
রাত ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাহাজাদা এমরান লেখেন, “আলহামদুলিল্লাহ। সম্মানের মালিক আল্লাহ। যথেষ্ট সম্মান নিয়ে আল্লাহর রহমতে কুমিল্লা আসতেছি। বাকি কথা কুমিল্লা আসলে হবে।”
সাংবাদিক মুক্তি পাওয়ার ঘটনায় সাংবাদিক সমাজে স্বস্তি ফিরে এসেছে। তবে কেন এমন ঘটনার সৃষ্টি হলো, তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।