

কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপন সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে পায়ের আঙুল এনে হাতের বৃদ্ধাঙ্গুলের স্থানে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। শহরটিতে এই প্রথম এ ধরনের জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানালেন চিকিৎসকরা।
শুক্রবার নগরীর পিপলস হসপিটালে এক সংবাদ সম্মেলনে চিকিৎসক দল বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসক দলের প্রধান ডা. কামরুল ইসলাম মামুন বলেন, “কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপন এই প্রথম। এর আগেও বিচ্ছিন্ন কাটা হাত সফলভাবে জোড়া লাগানোর ঘটনা ঘটেছে, সেটিও আমাদের টিমের নেতৃত্বে হয়। এবার আমরা সফলভাবে আঙুল প্রতিস্থাপন করতে পেরেছি, এটি চিকিৎসা সেবায় একটি নতুন মাইলফলক।”

আশরাফুল আলম নামে রোগী জানান, তিনি সৌদি আরবে গাড়িচালক ছিলেন। এক দুর্ঘটনায় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল হারান। পরে দেশে ফিরে বিভিন্ন হাসপাতালে ঘুরেও কোনো আশার আলো পাননি। চিকিৎসকরা বলেছিলেন, হাতটি কেটে ফেলতে হবে বা বিদেশে অপারেশনে বিপুল খরচ হবে।
কিন্তু কুমিল্লায় এসে তিনি পেলেন নতুন জীবন। চিকিৎসকেরা তার বাম পা থেকে একটি আঙুল কেটে এনে সেটি সফলভাবে তার বাম হাতে প্রতিস্থাপন করেন।
আশরাফুল বলেন, “গাজীপুরের কাপাসিয়া থেকে কুমিল্লায় এসে চিকিৎসা নিতে এসেছিলাম, ভাবতেও পারিনি এখানে এমন কিছু সম্ভব হবে। এখন মনে হচ্ছে আবার গাড়ি চালাতে পারব।”
সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাউছার হামিদ বলেন, “অঙ্গ পুনঃসংযোজন কুমিল্লার ইতিহাসে নতুন সংযোজন। এর আগে বিচ্ছিন্ন হাত প্রতিস্থাপন এবং এবার আঙুল প্রতিস্থাপন—উভয়ই সফল। যা চিকিৎসা খাতে দেশের জন্য বড় অগ্রগতি।”
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমদ বলেন, “এমন উন্নত চিকিৎসা কুমিল্লায় আগে হয়নি। এতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় অনেক কমে আসবে। চিকিৎসা নিতে আর বিদেশ যেতে হবে না।”
📢 আপনার মতামত দিন!
“কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপন” নিয়ে আপনি কী মনে করেন? চিকিৎসা খাতে এই অগ্রগতি দেশের মানুষের জন্য কতটা আশার আলো—আপনার মতামত আমাদের জানান কমেন্টে।
📩 প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
🔔 আরও এমন খবর পেতে আমাদের সাথেই থাকুন—ফেসবুক পেজে লাইক দিন ও ওয়েবসাইটে ভিজিট করুন 👉 dainikajkerkotha.com