সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড, চান্দনা চৌরাস্তায় সংঘটিত হত্যার ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড- দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সংঘটিত এই হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ফুলবাড়িয়া ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্ অংশগ্রহণ করেন। এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা বলেন, সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতা। তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংবাদিক নূরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, এনায়েতুর রহমান, রফিকুল ইসলাম মানিক, শহীদুল ইসলাম ও সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।
পারিবারিক সূত্রে জানা যায়, ৫ ধভাই ও ২ বোনের মধ্যে আসাদুজ্জামান তুহিন ছিলেন সবার ছোট। ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করছিলেন। ক্লিনিক ব্যবসার পাশাপাশি কয়েক বছর ধরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।
সাংবাদিকরা স্পষ্ট জানিয়েছেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী