বাংলাদেশে ক্রোয়েশিয়া অনারারি কনসাল, মুরাদনগরের তরুণ এই কূটনীতিক বাংলাদেশ-ক্রোয়েশিয়া সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন
বাংলাদেশে ক্রোয়েশিয়া অনারারি কনসাল হয়েছেন মুরাদনগরের কাজী শাহ মোজাক্কের ইশমাম। কুমিল্লার মুরাদনগর উপজেলার তরুণ এই প্রতিভাবান সম্প্রতি বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৮ আগস্ট বাংলাদেশ সরকার তাঁর নিয়োগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।

কাজী শাহ মোজাক্কের আহমদুল হক (ইশমাম) কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর ভাতিজা এবং কে এম মুজিবুল হকের পুত্র। তাঁর এই অর্জনে মুরাদনগরসহ কুমিল্লা জেলায় আনন্দ ও গর্ব ছড়িয়ে পড়েছে।
নিজের ফেসবুক পোস্টে ইশমাম লিখেছেন, “আলহামদুলিল্লাহ, গত ২৯ মে ২০২৫ আমাকে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ কর্তৃক বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এরপর বাংলাদেশ সরকার আমাকে এক্সেকুয়াতুর প্রদান করেছে, যা আনুষ্ঠানিকভাবে আমার নিয়োগকে স্বীকৃতি দিয়েছে।” তিনি আরও জানান, বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।
ক্রোয়েশিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের এড্রিয়াটিক সাগর তীরবর্তী একটি দেশ। রাজধানী জাগরেব। সমুদ্রতট, ঐতিহ্য ও দ্বীপের জন্য বিশ্বখ্যাত এই দেশটি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, শেনজেন ও ইউরোজোনের সদস্য।
এছাড়াও কাজী শাহ মোজাক্কের ইশমাম ৮ মে ২০২৫ ন্যাশনাল ডিফেন্স কলেজ ও বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেছেন। সম্প্রতি তিনি ঢাকায় আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন। তরুণ বয়সেই বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কাজে জড়িত থাকার কারণে ইশমাম তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠছেন।
বাংলাদেশে ক্রোয়েশিয়া অনারারি কনসাল হিসেবে তাঁর নিয়োগ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং মুরাদনগর ও কুমিল্লার জন্যও এক গর্বের বিষয়।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী