
তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী, ডেঙ্গু কেড়ে নিল কোরআনের এই আলোকিত নক্ষত্র — জাতি হারালো এক গৌরবের প্রতীক
তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী, যিনি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরব ছড়িয়ে দিয়েছিলেন, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মঙ্গলবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
মাত্র ১৭ বছর বয়সে ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন এই প্রতিভাবান তরুণ। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেন।
তার উস্তাদ ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী জানান, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে তাকে দাফন করা হবে।
২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী।
তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। ছেলের অকাল মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবারটি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ত্বকীর মৃত্যুতে শোকের ঢেউ নেমে এসেছে। অসংখ্য মানুষ তাকে স্মরণ করছেন ভালোবাসা ও দোয়ার মাধ্যমে।
💬 কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ বললেন —
“তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী শুধু বাংলাদেশের নয়, সমগ্র মুসলিম উম্মাহর এক উজ্জ্বল নক্ষত্র। তার কোরআনের সুর প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
কোরআনের এই তরুণ চ্যাম্পিয়নের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, বর্ষীয়ান জননেতা ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ। তিনি ত্বকীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বেদনা। তার কণ্ঠে উচ্চারিত কোরআনের সুর চিরকাল বেঁচে থাকবে মুসলিম উম্মাহর হৃদয়ে।

