
ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বব্যাপী ওয়েবসাইট অচল, ব্যবহারকারীদের ভোগান্তি
ক্লাউডফ্লেয়ার নেটওয়ার্কে হঠাৎ বড় ধরনের ত্রুটি দেখা দিলে বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট একযোগে অচল হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া এক্স, জনপ্রিয় রিভিউ সাইট লেটারবক্সডসহ বহু প্ল্যাটফর্মে প্রবেশ করতে গেলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান— “ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।”
ইন্টারনেট অবকাঠামো সুরক্ষা, ডিডস আক্রমণ প্রতিহত করা এবং উচ্চমাত্রার ট্রাফিক নিয়ন্ত্রণ— এসব গুরুত্বপূর্ণ কাজ ক্লাউডফ্লেয়ার করে থাকে। ফলে তাদের সিস্টেমে সামান্য সমস্যা হলেও একই সঙ্গে বিশ্বের বহু ওয়েবসাইটে বিরাট প্রভাব পড়ে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়—
“আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় তথ্য পাওয়া মাত্র আপডেট দেওয়া হবে।”
ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও একই সমস্যায় পড়ে সাময়িকভাবে অচল হয়ে যায়। পরে সাইট স্বাভাবিক হলে দেখা যায়— বিশ্বজুড়ে হঠাৎ ওয়েবসাইট বিভ্রাটের রিপোর্ট অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে।
প্রভাবিত ওয়েবসাইটগুলোতে ব্যবহারকারীরা যে বার্তা দেখেন তাতে বলা হয়— ক্লাউডফ্লেয়ারের অভ্যন্তরীণ সার্ভারে ত্রুটি তৈরি হয়েছে এবং কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করতে।
ক্লাউডফ্লেয়ার এর নেটওয়ার্কে বড় ধরনের সমস্যা দেখা দিলে বহু সাইট অচল হওয়া নতুন ঘটনা নয়। তবে এবারও ঠিক কতগুলো ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

