

কুমিল্লায় ওয়াকিটকি ও অস্ত্রসহ আটক হয়েছে মো. রাসেল ও মো. শরীফ নামের দুই দুষ্কৃতিকারী। শনিবার (২১ জুন) মধ্যরাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র, ওয়াকিটকি সেট, এয়ারসফট পিস্তল ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা সদর আর্মি ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই দুষ্কৃতিকারীকে আটক করে। আটককৃতরা হলেন সদর দক্ষিণ উপজেলার হারুনুর রশিদের ছেলে মো. রাসেল এবং ছোবহান মিয়ার ছেলে মো. শরীফ।

কুমিল্লায় ওয়াকিটকি ও পিস্তলসহ আটক ২, যৌথ বাহিনীর অভিযান। ছবি : সংগৃহিত।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি দেশীয় তৈরি দা, দুটি বড় ছুরি, দুটি ছোট ছুরি, দুটি এয়ারসফট পিস্তল, চারটি ওয়াকিটকি সেট এবং তিনটি মোবাইল ফোন।
তদন্তে জানা যায়, তারা এসব এয়ারসফট পিস্তল দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
কুমিল্লায় ওয়াকিটকি ও অস্ত্রসহ আটক দুই অপরাধীকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
ওয়াকিটকি ও এয়ারসফট পিস্তল ব্যবহার করে ছিনতাই ও সন্ত্রাসে যুক্ত অপরাধীদের আটক প্রমাণ করে—অপরাধীরা প্রযুক্তি ও অস্ত্রের সমন্বয়ে অপরাধের নতুন কৌশল গ্রহণ করছে। এর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।