সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২:২০ এএম
চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব
google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশের চিকিৎসক ও চিকিৎসা পেশা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যে গভীর হতাশা ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর বক্তব্য চিকিৎসকদের নিষ্ঠা ও আত্মত্যাগকে হেয় প্রতিপন্ন করেছে। এমন বক্তব্য স্বাস্থ্যসেবার প্রতি জনসাধারণের আস্থাকে সংকোচিত করে। আমরা অবিলম্বে ড. আসিফ নজরুলকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, ন্যায্য বেতন-ভাতা না পাওয়া সত্ত্বেও, প্রত্যন্ত গ্রামীণ ক্লিনিক থেকে শহরের ব্যস্ততম হাসপাতালসমূহে বাংলাদেশের চিকিৎসকরা নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। কোভিড-১৯ মহামারি থেকে শুরু করে ডেঙ্গুর প্রকোপ পর্যন্ত নানা স্বাস্থ্য সংকটে বহু চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছেন; কেউ কেউ প্রাণও হারিয়েছেন। তবুও, চিকিৎসকরা তাঁদের সেবা ও মানবিকতার পথ থেকে পিছপা হননি।

ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন, এছাড়াও গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এদেশের চিকিৎসকরা আন্দোলনে আহতদের চিকিৎসা সেবায় প্রদান করেছিলেন। চাকুরি হারানোর ঝুঁকি, পুলিশি হয়রানি সত্ত্বেও চিকিৎসকরা এদেশের ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। গণঅভ্যুত্থানে চিকিৎসকদের এক বিশাল অবদান থাকার পরও গণঅভ্যুত্থানের ফসল হিসেবে গঠিত সরকারের একজন উপদেষ্টা কর্তৃক চিকিৎসকদেরকে অপমান করা এক বিরাট অন্যায়।

তারা বলেন, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য। তবে সেটি হতে হবে তথ্যনির্ভর ও সম্মানজনক। পুরো চিকিৎসক সমাজকে নিয়ে অযথা বদনাম করা হাজারো সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের আত্মত্যাগকে অপমানিত করে, চিকিৎসক-রোগীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সর্বোপরি, মেধাবী তরুণদেরকে চিকিৎসাসেবার মতো মহান পেশায় আসার আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

আমরা আসিফ নজরুলকে তাঁর বক্তব্যের একটি ব্যাখ্যা এবং দুঃখপ্রকাশ করে ক্ষমা প্রার্থনা দাবি জানাচ্ছি।

 

 

নেতৃদ্বয় বলেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ চিকিৎসাসেবা পেশার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একইসাথে স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কাজ করে যাবে। আমরা সবসময় গঠনমূলক সংলাপকে স্বাগত জানাই যা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। কিন্তু, চিকিৎসা পেশা নিয়ে অবমাননাকর বক্তব্য এবং চিকিৎসকদের হেয় প্রতিপন্ন করার যেকোনো উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাবে ড্যাব; প্রয়োজনে পেশাগত মর্যাদার রক্ষায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

 

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

বীরত্বের স্বীকৃতি বিশ্বমঞ্চে

ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষী পাচ্ছেন জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা

আজকের কথা ডেস্ক প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৩১ এএম
ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষী পাচ্ছেন জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা

মরণোত্তর জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষীদের সর্বোচ্চ এ সম্মাননা আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তুলে দেবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদকপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং সান্ত মণ্ডল।

তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-তে দায়িত্ব পালনকালে সশস্ত্র ড্রোন হামলায় নিহত হন। দায়িত্ব পালনের সময় তাদের আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এবারের অনুষ্ঠানে গত এক বছরে নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হবে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের ছয় বীর শান্তিরক্ষী।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী প্রশংসিত। বর্তমানে শান্তিরক্ষা মিশনে সামরিক ও পুলিশ সদস্য প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অবদানকারী দেশ। আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারাসহ বিভিন্ন মিশনে ২৭৭ জন নারী সদস্যসহ চার হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৫০ হাজারেরও বেশি সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষী কর্মরত রয়েছেন। ১১৮টি দেশ জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশনে জনবল সরবরাহ করছে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০২ সালে ২৯ মে-কে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ হিসেবে ঘোষণা করে। ১৯৪৮ সালে প্রথম শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন (UNTSO)’ প্রতিষ্ঠার স্মরণে প্রতিবছর দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘শান্তিতে বিনিয়োগ’ (Investing in Peace)।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

ভাইরাল চিঠি ঘিরে তোলপাড়

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ‘ভুয়া চিঠি’ ভাইরাল, অপপ্রচারের অভিযোগ

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১:৫৮ এএম
কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ‘ভুয়া চিঠি’ ভাইরাল, অপপ্রচারের অভিযোগ

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি সম্বলিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সম্পূর্ণ ভুয়া। পুলিশ সদর দপ্তরের নাম ও সিল ব্যবহার করে তৈরি এই চিঠিটিকে জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ‘শতভাগ ভুয়া’ বলে নিশ্চিত করেছেন। এই বিষয়ে পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন যে, একটি চক্র পরিকল্পিতভাবে অপপ্রচারের উদ্দেশ্যে এই ভুয়া বিজ্ঞপ্তিটি ছড়াচ্ছে। বর্তমানে এই জাল চিঠি তৈরির সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে—এমন দাবি করে পুলিশ সদর দপ্তরের নামে একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা চিঠিটিকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন। পুলিশ সুপার নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি একটি অপপ্রচারমূলক প্রচেষ্টা।

রোববার (৩১ মে) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই চিঠিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন)-এর নাম ও সিল ব্যবহার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত একটি মিছিল এবং প্রশাসনিক কারণ দেখিয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে অবিলম্বে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা শুরু হয়। তবে জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, চিঠির ভাষা, কাঠামো ও প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনা করেই এটি ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে।

তাদের ভাষ্য, এ ধরনের সরকারি আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ পরিচয়, যথাযথ রেফারেন্স নম্বর এবং অনুলিপি প্রাপকদের তালিকা বাধ্যতামূলকভাবে উল্লেখ থাকে। কিন্তু ভাইরাল হওয়া চিঠিতে এসব গুরুত্বপূর্ণ তথ্যের ঘাটতি রয়েছে।

জেলা পুলিশের কর্মকর্তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় অস্ত্র ও মাদক উদ্ধার, সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তার এবং স্বচ্ছতার সঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম পরিচালনার কারণে একটি অসাধু চক্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। ইতোমধ্যে ভুয়া চিঠি তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “অনেকেই আমাকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তি বা চিঠির সঙ্গে পুলিশ সদর দপ্তরের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভুয়া। একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে এটি ছড়িয়েছে বলে ধারণা করছি।”
উল্লেখ্য, বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান গত বছরের ২৯ নভেম্বর কুমিল্লার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া একই বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ভাইরাল হওয়া ভুয়া চিঠির ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

প্রিয় নবী মন্তব্যে বিতর্ক

এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলেই ভাইরাল বিএনপি নেতা খালেক

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:৪০ পিএম
এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলেই ভাইরাল বিএনপি নেতা খালেক

পরিবেশ মন্ত্রীকে খুশি করতে গিয়ে ‘প্রিয় নবী’ বলে সম্বোধন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। একটি অনুষ্ঠানে দেওয়া এই বক্তব্যের কারণে ফেনী জেলা পরিষদের প্রশাসক এখন নেট দুনিয়ায় ভাইরাল। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে সাধারণ মানুষ এবং নেটিজেনরা এই মন্তব্যের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন।

ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেকের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির এক অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে উল্লেখ করার পর তার বক্তব্যটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

শনিবার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে এম এ খালেক এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার, আপনার, সবার প্রিয় নবী, প্রিয় মানুষ।”

তার এই বক্তব্যের পরপরই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ফিসফাস ও প্রতিক্রিয়া দেখা যায়। পরে বক্তব্যটির ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

বক্তব্যটি নিয়ে অনেকেই সামাজিক মাধ্যমে আপত্তি জানিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলেছেন। কেউ কেউ এটিকে অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বহীন মন্তব্য বলে অভিহিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আলেম বলেন, “ইসলামে নবী-রাসুলদের মর্যাদা স্বতন্ত্র ও অনন্য। কোনো সাধারণ মানুষকে নবীর সঙ্গে তুলনা করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য পরিহার করা উচিত।”

এদিকে রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপির একাধিক নেতা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ব্যক্তিগত বক্তব্যের দায় দল নেবে না। তারা মনে করেন, জনসম্মুখে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, অধ্যাপক এম এ খালেক এর আগেও বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় এসেছেন। গত ১৬ এপ্রিল একটি বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে ভিআইপি প্রটোকল গ্রহণের ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। এছাড়া অতীতেও তার কিছু বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছিল।

সর্বশেষ ‘প্রিয় নবী’ মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এম এ খালেকের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×