বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
আশুলিয়া থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিন গ্রেফতার
গ্রেফতার হওয়া ধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিন। ছবি : আজকের কথা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিনকে (২৪) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ইসলামী শরিয়াহ মোতাবেক এক তরুণীর সঙ্গে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
পরে ২০২৫ সালের ১০ অক্টোবর আল আমিন একতরফাভাবে স্ত্রীকে তালাক দেন। অভিযোগ অনুযায়ী, তালাকের পর পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে সাবেক স্ত্রীকে খালার বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সাবেক স্বামীকে বিয়ের জন্য চাপ দিলে আল আমিন রাজি না হওয়ায় চলতি বছরের ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-০৯।
ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এবং র্যাব-৪, সিপিসি-২ সাভার নবীনগর ক্যাম্প যৌথভাবে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া ও বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ধর্ষণ, হত্যা, অপহরণসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
























