বিএনপির দাবি উপেক্ষা করে ইউনূসের পাশে বিতর্কিত উপদেষ্টা, প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়ে

‘তোদের চাওয়া নয়, আমারই পছন্দে খেলাটা চলবে’—ড. ইউনূসের উপদেষ্টা নির্বাচনে বিএনপিকে অবজ্ঞা?
“তোদের চাওয়া নয়, আমারই পছন্দে খেলাটা চলবে”—এই বার্তাই কি এখন প্রকাশ্যে দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার সাম্প্রতিক সিদ্ধান্ত ও উপদেষ্টা নির্বাচনের ধরন ঘিরে সামাজিক মাধ্যমে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে সাংবাদিক আনিস আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিতর্ক আরও উসকে উঠেছে, যেখানে তিনি সরাসরি ইউনূসের উপদেষ্টা নির্বাচনের ভেতরের বার্তা বিশ্লেষণ করেছেন।
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর লিখেছেন, “বিএনপি দুই উপদেষ্টার (আসিফ মাহমুদ ও খলিলুর রহমান) পদত্যাগ চেয়ে গলা ফাটালেও ড. ইউনূস কানেই তুললেন না। বরং ঢাকায় বৈঠকে পাশে রাখলেন আসিফ মাহমুদ, আর লন্ডনে তারেক রহমানের সঙ্গে আলোচনায় পাশে বসালেন খলিলুর রহমান।” তার ভাষায়, “এ যেন স্পষ্ট বার্তা—তোদের চাওয়া নয়, আমারই পছন্দে খেলাটা চলবে!”
এই বক্তব্যের মাধ্যমে আনিস আলমগীর মূলত প্রশ্ন তুলেছেন, প্রধান উপদেষ্টার এই একচেটিয়া সিদ্ধান্ত বিএনপিকে উপেক্ষার বার্তা দিচ্ছে কি না। তিনি লেখেন, “একবার আসিফ চাল, পরেরবার খলিল চাল—এই চালের মাধ্যমে বদ্দা (ড. ইউনূস) বিএনপিকে কী বোঝাতে চাইছেন?”

বিএনপি ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তারা দুই উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে বহু আগে থেকেই আপত্তি জানিয়ে আসছে। তবে ইউনূস তাদের বদলানোর কোনো ইঙ্গিত দেননি, বরং প্রকাশ্যে তাদেরকেই গুরুত্বপূর্ণ আলোচনায় সামনে রাখছেন। এতে বিএনপির নেতৃত্বে অসন্তোষ ও অস্পষ্টতা তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ বলছেন, ড. ইউনূস ‘নিজস্ব বলয়ে খেলা’ চালাচ্ছেন, আবার কেউ মনে করছেন, এটা তার কৌশলগত দৃঢ়তা। তবে বিষয়টি পরিষ্কার—“তোদের চাওয়া নয়, আমারই পছন্দে খেলাটা চলবে”—এই বার্তাটিই এখন জনমনে গেঁথে যাচ্ছে।
সর্ডববোপরি ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টত বুঝিয়ে দিলেন—এটা কোনও সমঝোতার সরকার না, এটা ‘গডফাদার মডেল’। বিএনপি গলা ফাটিয়ে যে কোন আবদার কিংবা যা-ই চায়, তিনি তা দিবেন তার মনমতো। আজ আসিফ, কাল খলিল—এই চালগুলো যেন দাবার মুভ, যেখানে বাকি সবাই বোর্ডের বাহিরে। ড. ইউনূস সাহেব খলিলুরকে সাথে করে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বুঝিয়ে দিলেন, আসল খেলোয়াড় তিনি, বাকিরা শুধু গ্যালারির দর্শক!
প্রকাশিত সংবাদটি আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রস্তুত ও পুনর্লিখন করা হয়েছে। নতুন বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।
অপ্রতিমের জানাজা-দাফন রোববার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা ও দাফন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০ সেপ্টেম্বর সাধারণ শোক ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম শনিবার রাতে জানান, রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় গন্ধমতি এলাকার তার বর্তমান বাসার কাছে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা রোববার স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হবে।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতিমের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০ সেপ্টেম্বর সাধারণ শোক ঘোষণা করেছে।
এর আগে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বেলা আড়াইটার দিকে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের ভাষ্য, বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর আর সে বাসায় ফেরেনি। তার সঙ্গে থাকা আইফোনটিও এখনো উদ্ধার হয়নি।
অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপ্রতিমের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপ্রতিমের মৃত্যু নিয়ে তার পরিবার, সহপাঠী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কুমিল্লায় অপ্রতীমের মৃত্যুতে কান্না, নিখোঁজ ২ হাজার ৩৮ শিশু কোথায়?

কুমিল্লার ১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধারের ঘটনায় শোক নেমে এসেছে। পরিবারের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশুদের নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হলেও ২ হাজার ৩৮ জন শিশু এখনো নিখোঁজ রয়েছে।
এই পরিসংখ্যানের মধ্যে কুমিল্লার অপ্রতীমের ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। একটি শিশু নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত ও আইনগত ব্যবস্থা যেমন জরুরি, তেমনি এখনো নিখোঁজ থাকা হাজারো শিশুর সন্ধান এবং তাদের পরিবারের উদ্বেগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার দাবি রাখে।
অপ্রতীমের ঘটনায় একজন সংসদ সদস্যকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনলাইনে কথা বলতে এবং শিশুটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। এ ধরনের তৎপরতা নিয়ে প্রশ্ন না থাকলেও, একই সময়ে দেশের হাজারো নিখোঁজ শিশুর পরিবারের কাছে রাষ্ট্রীয় সহায়তা ও তদন্তের অগ্রগতি কতটা পৌঁছাচ্ছে, সেটিও আলোচনায় আসছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনলাইন যোগাযোগ বা ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনার ক্ষেত্রেও ব্যক্তিগত গোপনীয়তা ও প্রাতিষ্ঠানিক শিষ্টাচারের বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রয়োজন রয়েছে।
কুমিল্লায় জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় শিশু নিখোঁজ, কিশোর অপরাধ এবং শিশুদের নিরাপত্তার বিষয়গুলো কতটা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। এসব সভার সিদ্ধান্ত মাঠপর্যায়ে কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নিয়েও সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন।
অন্যদিকে কুমিল্লাকে বিভাগ করার দাবি নিয়ে আলোচনা চলার পাশাপাশি জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণের দাবিও উঠেছে। কুমিল্লার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে সরকারি হেরিটেজের আওতায় এনে সংরক্ষণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কাছে।
তবে ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন জমি ও স্থাপনার মালিকানা, জমির রেকর্ড এবং আইনগত অধিকারও বিবেচনায় রাখা প্রয়োজন। ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ যেন কোনোভাবেই ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নিয়ে নতুন বিরোধ বা দখলসংক্রান্ত পরিস্থিতি তৈরি না করে, সে বিষয়েও সতর্ক থাকা জরুরি।
অপ্রতীমের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার পাশাপাশি দেশের অন্য নিখোঁজ শিশুদের সন্ধানেও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।
ছবির ক্যাপশন : ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম…. ছবি।
দেবীদ্বারে নাশকতা মামলায় যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবীদ্বার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার আলফু মিয়ার ছেলে ও পৌর যুবলীগের সহসভাপতি মো. রাসেল (৪০), সুবিল ইউনিয়নের মধ্যপাড়া চানবক্স সরকার বাড়ির মো. আমির হোসেনের ছেলে ও সুবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন (৩২) এবং সুলতানপুর ইউনিয়নের ছেচরাপুকুরিয়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মেহেদী হাসান (২৩)।

নাশকতা মামলায় আওয়ামী যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের পর নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে অভিযান জোরদার করা হয়। ওই মিছিলের নেতৃত্বে দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের ছোট ভাই।
এরপর শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নাশকতা মামলায় আওয়ামী যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।






















