সারোয়ার তুষারের কথোপকথন স্বীকার করলেন এনসিপি নেত্রী, বললেন ‘আমি বারবার বিব্রত হয়েছি’
রাজনীতিতে নারীকে লক্ষ্যবস্তু বানানোর সংস্কৃতি যে কতটা ভয়াবহ ও বিব্রতকর হতে পারে, তারই একটি উদাহরণ হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নীলা ইসরাফিলের স্বীকারোক্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক অডিও বার্তায় সারোয়ার তুষার নামে এনসিপির এক নেতার সঙ্গে এক নারীর কথোপকথন ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। শুরু হয় নেত্রীদের ঘিরে নানা ধরনের বিদ্রুপ ও কটাক্ষ। পরে এনসিপি নেত্রী নীলা ইসরাফিল নিজেই সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে স্বীকার করেন, ভাইরাল হওয়া অডিওর নারী কণ্ঠটি তারই।
পোস্টে নীলা উল্লেখ করেন, তুষারের সঙ্গে প্রথমে সম্পর্ক সাংগঠনিক থাকলেও পরে সে বিভিন্ন ব্যক্তিগত অনুরোধ, যেমন “ঠোঁট সুন্দর”, “ছবি দাও” ইত্যাদি বলে আপত্তিকর আলাপে যুক্ত হয়। এ নিয়ে একাধিকবার বিব্রত হয়ে নীলা সম্পর্কটা ‘ফর্মাল’ রাখতে চাইলেও তুষার থামেননি। এক পর্যায়ে রমজান মাসে তুষার এক ‘চরম আপত্তিকর’ মন্তব্য করলে তিনি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।
নীলার ভাষায়, “বাংলাদেশের অসংখ্য নারী নেত্রী আজও ক্ষমতাবান পুরুষের আগ্রাসী আচরণ এড়াতে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন।”
রাজনীতিতে নারীকে লক্ষ্যবস্তু বানানোর এই সংস্কৃতি যতদিন পরিবর্তন না হবে, ততদিন নীলা ইসরাফিলদের মতো অসংখ্য সাহসী নারীর এমন সত্য স্বীকারোক্তি ঘুরেফিরে আমাদের সমাজ ও রাজনীতির নগ্ন বাস্তবতাই উন্মোচন করে যাবে।


















