এক লাশ, দুই দল : জুয়েলকে নিয়ে মুখোমুখি বিএনপি ও আওয়ামী লীগ

গ্রেপ্তার হওয়া বিএনপিকর্মী শেখ জুয়েল- ছবি : সংগৃহিত
পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে কুমিল্লার মুরাদনগরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েন। ইন্টারনেট ব্যবসায়ী শেখ জুয়েল (৪৫) ইয়াবাসহ আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ উভয়েই তাকে নিজেদের কর্মী দাবি করে মাঠে নামে। পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনেই জুয়েলের মৃত্যু হয়েছে, তবে পুলিশ বলছে—তিনি হার্টের রোগী ছিলেন এবং বুকের ব্যথা নিয়ে মারা গেছেন।
পুলিশ হেফাজতে মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে মাদকবিরোধী অভিযানের নামে চালানো হেফাজতের নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকার একটি বাড়ি থেকে ইয়াবাসহ আটক হন শেখ জুয়েল ও আরও চারজন। অথচ রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুয়েল।
মুরাদনগরের বাঙ্গরা গ্রামের মৃত শেখ গোলাম সারোয়ারের ছেলে জুয়েল স্থানীয়ভাবে একজন ইন্টারনেট ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার স্ত্রী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর দাবি, তিনি কোনোভাবেই মাদকসেবী বা বিক্রেতা ছিলেন না—এমনকি এ বিষয়ে তার নামে কোনো মামলা ছিল না।
জুয়েলের মৃত্যুর ঘটনায় নাটকীয়তা তৈরি হয় তার রাজনৈতিক পরিচয় ঘিরে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া জানান, জুয়েল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী, যার ভাই যুবদলের নেতা। অপরদিকে, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ দাবি করেছেন—জুয়েল ছিলেন বাঙ্গরা ইউনিয়ন যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বলেন, “সে আমার সঙ্গে রাজনীতি করত। তবে এখন তো সবাই বিএনপি!”
জুয়েলের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, তিনি জাতীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে পোস্ট দিয়েছেন।
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার ব্রিক ফিল্ডের পাশে হেলালের বাড়িতে অভিযান চালিয়ে ৭০টি ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়। পুলিশ দাবি করেছে, হেলালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং জুয়েলসহ সবাই মাদক সেবন বা বিক্রিতে জড়িত।
তবে পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে সবচেয়ে স্পষ্ট ও আবেগঘন বক্তব্য দিয়েছেন জুয়েলের স্ত্রী শিল্পী বেগম। তার ভাষায়, “আমার স্বামী নির্দোষ। সকাল থেকে ইন্টারনেটের বিল কালেকশন করছিল। দুপুরে জানতে পারি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। থানা গিয়ে দেখা করি, সে বলল—আমাকে ছাড়াও, আমি কিছু করিনি। রাতেই তার মরদেহ দেখলাম হাসপাতালে। পুলিশই আমার স্বামীকে মেরে ফেলেছে।”
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক জানান, রাত ৮টা ৫০ মিনিটে পুলিশ জুয়েলকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
জুয়েলের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে রাতেই বাঙ্গরা বাজার থানার সামনে স্থানীয়রা বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান বলেন, “জুয়েল আগে থেকেই হার্টের রোগী ছিলেন। বুকের ব্যথা শুরু হলে পুলিশ সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়। কিন্তু তাকে নির্যাতনের অভিযোগ সত্য নয়। তবু বিষয়টি তদন্ত হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে প্রশ্ন উঠেছে সুরতহাল প্রতিবেদন ঘিরেও। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বড় ধরনের জখম না থাকলেও একাধিক আঁচড় ও আঘাতের চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে—যার মধ্যে রয়েছে ডান হাতের কবজির ওপর আঁচড়, পিঠে ও কোমরে চিহ্ন, পায়ে রক্তাক্ত ক্ষত। পুলিশের দাবি, গাড়িতে ওঠানামার সময় এ জখম হতে পারে, কিন্তু পরিবারের দাবি, এসবই নির্যাতনের চিহ্ন।
পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে একদিকে যেমন চলছে রাজনৈতিক দাবিদাওয়া ও পাল্টাপাল্টি অবস্থান, অন্যদিকে পরিবার ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও শোক। সত্য উদঘাটনে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এখন সময়ের দাবি। ময়নাতদন্তের পূর্ণ রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ প্রকাশ ছাড়া জনআস্থা ফিরবে না—এমনটাই বলছেন মানবাধিকারকর্মীরা।
৪০ দিন বন্ধ উৎপাদন
গ্যাস সংকটে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার

গ্যাস সংকটের কারণে চলতি অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। টানা ৪০ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৫ হাজার মেট্রিক টন কম সার উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
প্রতিবেদনের হাইলাইটস
- গ্যাস সংকটে টানা ৪০ দিন উৎপাদন বন্ধ ছিল ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।
- ৮.৫০ লাখ মেট্রিক টনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৭,৬৪,৫৩৫ মেট্রিক টন।
- লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কম উৎপাদিত হয়েছে।
- ২০২৬-২৭ অর্থবছরে ৯.৪০ লাখ মেট্রিক টন সার উৎপাদনের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত হলে নতুন লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে গ্যাসের সংকটের কারণে দীর্ঘ ৪০ দিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় অর্থবছর শেষে মোট উৎপাদন হয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৫৩৫ মেট্রিক টন ইউরিয়া সার।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল ইসলাম।
তিনি জানান, পরিবেশবান্ধব এই আধুনিক কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ২ হাজার ৮০০ মেট্রিক টন এবং বছরে প্রায় ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হলেও চলতি অর্থবছরে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।
কারখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন কমে ৭ লাখ ৬৪ হাজার ৫৩৫ মেট্রিক টনে নেমে আসে। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কম উৎপাদিত হয়েছে।
তবে এ ঘাটতি কাটিয়ে উঠতে নতুন অর্থবছরের জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এ লক্ষ্যমাত্রা অর্জন, এমনকি অতিক্রম করাও সম্ভব হবে।
উল্লেখ্য, উৎপাদন শুরুর প্রথম বছরেই ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা ২৩২ কোটি ৬৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন করে। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি মালিকানাধীন পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে এটিই ছিল একমাত্র লাভজনক প্রতিষ্ঠান।
এর আগে দীর্ঘদিন লোকসানে থাকা দৈনিক ১ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদনক্ষম ঘোড়াশাল সার কারখানা এবং ৩০০ মেট্রিক টন উৎপাদনক্ষম পলাশ সার কারখানা ভেঙে আধুনিক প্রযুক্তিনির্ভর একীভূত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা নির্মাণ করা হয়।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর অধীনে প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ১১০ একর জমির ওপর নির্মিত কারখানাটির উদ্বোধন করা হয় ২০২৩ সালের নভেম্বরে। পরে ২০২৪ সালের ১১ মার্চ বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। বর্তমানে কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ২ হাজার ৮০০ মেট্রিক টন, যা দেশের সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বন্যপ্রাণী সেবার উদ্ধার অভিযান
চা পাতা তুলতে গিয়ে অজগর, শ্রীমঙ্গলের চা বাগানে আতঙ্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগানে চা পাতা সংগ্রহের সময় একটি অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। নিরাপত্তার স্বার্থে তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। পরে বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের সেক্টর-৯ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা নিয়মিত কাজের অংশ হিসেবে চা পাতা সংগ্রহ করছিলেন। এ সময় ঝোপের মধ্যে একটি বড় আকৃতির অজগর সাপ দেখতে পেয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে তারা দ্রুত কাজ বন্ধ করে বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
খবর পেয়ে চা বাগানের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগর সাপটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত অজগরটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা জানান, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
কৃষিজমি রক্ষায় কঠোর অভিযান
দেবীদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযানে ২টি ড্রেজার ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

কৃষিজমি, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে উপজেলার তুলাগাঁও গ্রামে অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার এবং প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। পরে রামের দিঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার পরিচালনার দায়ে মো. আব্দুস ছামাদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর ব্যবহৃত আরও একটি ড্রেজার এবং প্রায় এক হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের মাধ্যমে কৃষিজমির মাটি কাটার কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এছাড়া বিভিন্ন এলাকায় ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকিও বাড়ছিল। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে অবৈধ ড্রেজার ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, কৃষিজমি ধ্বংস, খাল-বিল ও জলাশয়ের ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনস্বার্থে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






















