চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের চোখ তুলে ফেলার চেষ্টা
মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের চোখ তুলে ফেলার চেষ্টা
মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধরা একজনের দু’চোখ উৎপাটনের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০), আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)। এর মধ্যে জাকির শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরি-ডাকাতি রোধে এলাকায় স্থানীয় যুব সমাজ নিয়মিত পাহারা দেয়। শনিবার মধ্যরাতে টহলের সময় তিন যুবকের রহস্যজনক চলাফেরা লক্ষ্য করে তাদের ধাওয়া করা হয়। পরে আটক করে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয়া হয় এবং এ সময় জাকির শেখের চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়।
খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক বেল্লাল হোসেন ও সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে সদর মডেল থানায় নিয়ে যান। গুরুতর আহত জাকির শেখকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বাকি দুজন থানায় হেফাজতে রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




















