শেখ হাসিনার জন্মদিন পালন, কুমিল্লায় যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
শেখ হাসিনার জন্মদিন, বুড়িচংয়ে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের অভিযান
কুমিল্লার বুড়িচং উপজেলায় কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আবিদপুর গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তারা সবাই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, গণঅভ্যুত্থানের সময় নিমসার এলাকায় ছাত্রজনতার ওপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে কেক কেটে একটি অনুষ্ঠান হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে যুবলীগ নেতাদের উপস্থিতি, কেক কাটা, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ও দোয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ভিডিও প্রকাশের পর রাতেই বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগ ও যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালানোয় আবারও বিতর্ক শুরু হয়েছে শেখ হাসিনার জন্মদিন উদযাপনকে ঘিরে।





















