কূটনৈতিক বন্ধনে নতুন গতি: ধর্মমন্ত্রীর সঙ্গে আমিরাত রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

ধর্মীয় সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে ফলপ্রসূ আলোচনা
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আল-মৌধীর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত-এর মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সম্মান, আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে ধর্মীয় খাতে সহযোগিতা জোরদার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় ধর্মীয় সেবার আধুনিকায়ন, ধর্মভিত্তিক শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী করা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা প্রবর্তনের বিষয়টি প্রাধান্য পায়। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও কার্যকর করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় ধর্মমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোটভাই কাজী শাহ আরেফীন।
সৌহার্দ্য, সদিচ্ছা ও কৌশলগত অংশীদারিত্বের মনোভাবের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন দুই গণ্যমান্য ব্যক্তিত্ব।
নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ১৮ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়ন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তি আব্দুল লতিফ ভূঁইয়া (৫০)। তিনি উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি প্রায় দুই বছর ধরে মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত একাধিকবার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বিষয়টি তার চাচা ও জ্যাঠাদের জানালে গত ২৮ জুলাই রাতে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসে। সেখানে অভিযুক্তকে বেত্রাঘাত, জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার মতো শাস্তি দেওয়া হয়।
সালিশের ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ওসি আব্দুর রহিম সরকার জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্তকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল, জবাব দিতে নির্দেশ সংশ্লিষ্টদের

কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত বিষয়ে কুমিল্লা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের আদালতে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রিট আবেদনকারী সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর-এর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আজকের কথাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান কমিটি ত্রুটিপূর্ণ ও বিতর্কিত ভোটার তালিকার ভিত্তিতে গত ১৩ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরে ২০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোটার তালিকা সংশোধনের আবেদন ও আইনগত নোটিশ দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় ৩০ জুলাই নির্বাচন আয়োজনের কার্যক্রম অব্যাহত রাখা হয়।
রিটে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন, নতুন ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, নতুন নির্বাচনী তফসিল ঘোষণা এবং পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আদালতে জবাব দিতে নির্দেশ দেন।
আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান জানান, গত ২৯ জুলাই হাইকোর্টে রিটটি দাখিল করা হয়। এতে নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।
‘খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে’—দেবীদ্বারে এমপি রাশেদা হীরা

দেবীদ্বারে বিএনপির মতবিনিময় সভা: খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করলেন এমপি রাশেদা বেগম হীরা
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, “বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে বিষ প্রবেশ করিয়ে লিভার নষ্ট করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হয়ে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের অর্থ লুটপাটেরও অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাশেদা বেগম হীরা বলেন, দলকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বেগম খালেদা জিয়াও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলাম-সংগ্রাম করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার এ ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, “এখন আর ১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন নেই। কেউ আর জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে না। জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।”
দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিন-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।























