কুমিল্লার মুরাদনগর ডি.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই)। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।
২১ এপ্রিল (মঙ্গলবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এসলম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডি.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুল হোসেনের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত অর্থ আদায়, সনদপত্র প্রদানে অনিয়মসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ প্রকাশের পর শিক্ষা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দুই সেটে অধিদপ্তরে পাঠাতে হবে। পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় স্থানীয় শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, তদন্তের ফলাফলের ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, যা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।