কুমিল্লায় ডাকাত দলের সর্দারসহ ১৪ সদস্য গ্রেফতার
কুমিল্লায় ডাকাত দলের সর্দারসহ ১৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লার পুলিশ সুপার নজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ধাওয়া করে আটক হওয়া ১৪ জনের মধ্যে রয়েছেন— আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহ আলম দুলাল (৪০), মো. মনির হোসেন (৪০), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশাররফ শরীফ (৩২), মো. সুমন (৩৩), মো. খোকন (৪০), আলামিন (২৫), মো. সোহেল (২৬), আউয়াল (৫০) ও নিহার বিশ্বাস (৪৮)।
এসপি নজির আহমেদ খান জানান, ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় দুটি ডাকাতির পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে বাঙ্গরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিলেও পুলিশ টহল থাকায় ব্যর্থ হয় তারা। পরে দেবিদ্বারে ডাকাতির পরিকল্পনা করার সময় ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্টে ধরা পড়ে।
অভিযানে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, একটি কালো রঙের হাইয়েস গাড়ি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা লালমাইয়ে তিনটি, বরুড়ায় একটি এবং নবীনগরে একটি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলা দায়েরের পর গ্রেফতারদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লায় ডাকাত দলের সর্দারসহ ১৪ সদস্য গ্রেফতার ঘটনায় জেলায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।




















