২৩ মে পুরস্কার প্রদান
বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ড. রশিদুন্ নবী
বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার-২০২৬’-এ ভূষিত হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, স্বরলিপিকার ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী। আগামী ২৩ মে বিকেল ৩টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে নজরুল গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন বীর মুক্তিযোদ্ধা ড. রশিদুন্ নবী। ১৯৮০ সাল থেকে তিনি নজরুলচর্চায় সক্রিয়ভাবে যুক্ত হন। ১৯৮৯ সালে কবি নজরুল ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করার পর ২০০৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ২০২৪ সালের জানুয়ারিতে অবসরে যান।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় তিনি সংগীত বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, দোলনচাঁপা হলের প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর প্রতিষ্ঠাকালীন পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের এক পর্যায়ে রাজনৈতিক প্রতিহিংসারও শিকার হন ড. রশিদুন্ নবী। তৎকালীন সরকারের স্থানীয় সংসদ সদস্যের দলীয় এজেন্ডা বাস্তবায়নে অস্বীকৃতি জানানোয় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার পান এবং অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়ে প্রশাসন বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়।
ড. রশিদুন্ নবী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্বীকৃত নজরুলসংগীত শিল্পী ও সংগীত পরিচালক। তিনি সর্বাধিক সংখ্যক নজরুলসংগীত সংকলিত গ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক হিসেবেও পরিচিত। নজরুল গবেষণা, স্বরলিপি ও সম্পাদনা বিষয়ক তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টির বেশি। এছাড়া বিভিন্ন গবেষণা জার্নাল ও গ্রন্থে তাঁর প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নজরুল গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও তিনি ‘নজরুল পুরস্কার-২০১৭’, ‘কবি নজরুল স্মৃতি পদক-২০১৭’, ‘নজরুল পুরস্কার-২০১৮’ এবং ‘নজরুল পদক-২০২৫’-সহ দেশি-বিদেশি নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।



















