কড়া নিরাপত্তা প্রস্তুতি
শনিবার কুমিল্লা আসছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা সফরকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফর ঘিরে সভাস্থল পরিদর্শন, নিরাপত্তা জোরদার এবং সড়ক সৌন্দর্যবর্ধনের কাজ চলছে পুরোদমে। ইতোমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি শুরু করেছে।
আগামী রোববার (১৬ মে) সকাল ১১টায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
● শনিবার কুমিল্লা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
● বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি।
● সফর ঘিরে ইতোমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এসএসএফ ও প্রশাসন।
● কুমিল্লা-চাঁদপুর ও কুমিল্লা-নোয়াখালী সড়কে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।
● প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় ৫০ হাজার মানুষের সমাগমের আশা বিএনপির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফর উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সভাস্থল প্রস্তুত করার পাশাপাশি কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মহাসড়কের বিভাজক, সড়কদ্বীপ ও আশপাশের এলাকায় নতুন রঙের প্রলেপ ও সাজসজ্জার কাজও শুরু হয়েছে।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন। মাঠ প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। সেখানে যাওয়ার পথে বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ইতোমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হবে।”
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে সভাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”






















