অপরাধ দমন নিয়ে আলোচনা
সাদুল্লাপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু মাওলানা এমপি।
সভায় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
মুরাদনগরে ১ হাজার কোটি টাকার মামলায় সাংবাদিক আরিফ গ্রেপ্তার: ২৪ ঘণ্টাতেও আদালতে না তোলায় বিতর্ক

কুমিল্লার মুরাদনগরে ১ হাজার কোটি টাকার মামলায় সাংবাদিক আরিফের গ্রেপ্তার নিয়ে চলছে নাটকিয়তা।বিএনপি নেতার দায়ের করা এক মানহানির মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক মাহবুব আলম আরিফকে গ্রেপ্তারের প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও আদালতে উপস্থাপন না করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, তাকে অযথা থানায় আটকে রেখে হয়রানির চেষ্টা করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদের হাইলাইট
- গ্রেপ্তারের প্রায় ২৪ ঘণ্টা পার হলেও সাংবাদিক মাহবুব আলম আরিফকে আদালতে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ।
- ধর্ষণ মামলার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বিএনপি নেতার দায়ের করা ১ হাজার কোটি টাকার মানহানি মামলায় গ্রেপ্তার হন তিনি।
- আদালতে পাঠাতে বিলম্বের কারণ জানতে সাংবাদিকদের একাধিক ফোনকলের জবাব দেননি বলে ওসির বিরুদ্ধে অভিযোগ।
- ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে উদ্বেগ, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।
- স্বচ্ছ আইনি প্রক্রিয়া, নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠেছে।
জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার গাইঢুলি এলাকা থেকে মুরাদনগর থানা পুলিশ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মাহবুব আলম আরিফকে গ্রেপ্তার করে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ জুন প্রকাশিত একটি সংবাদে ধর্ষণ মামলার একমাত্র আসামি ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করা হয়। এ সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া সাংবাদিক মাহবুব আলম আরিফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। আদালত সমন জারি করার পর পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মামলায় বাদীর দাবি, ধর্ষণ মামলার আসামি ফজর আলী বিএনপির কেউ নন; তিনি আওয়ামী লীগের কর্মী। সংবাদে তাকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করায় দল এবং তার ব্যক্তিগত রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে গ্রেপ্তারের পরও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থাপন না করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিলম্বের মাধ্যমে সাংবাদিককে অপ্রয়োজনীয়ভাবে হয়রানির মুখে ফেলা হচ্ছে। যদিও এ বিষয়ে সরকারি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
গ্রেপ্তারের পর মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের জানিয়েছিলেন, আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি যে একজন সাংবাদিক, সেটি আগে তাদের জানা ছিল না। তবে পরদিন আদালতে পাঠাতে বিলম্বের কারণ জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ওসি ফোন রিসিভ করেননি বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
স্থানীয় সাংবাদিকদের মতে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার উচিত গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া। এ বিষয়ে নীরবতা জনমনে বিভ্রান্তি ও সন্দেহ আরও বাড়িয়েছে বলে তাদের দাবি।
অন্যদিকে, একজন উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতার পক্ষ থেকে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়েরের ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অনেকেই এত বড় অঙ্কের ক্ষতিপূরণের দাবির যৌক্তিকতা ও আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।
ঝালকাঠিতে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন, ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুলকে শ্রদ্ধায় আয়োজন
ঝালকাঠিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় কবির জীবন, সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. বায়জীদ ইবনে আকবর, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, সম্প্রীতি ও মানবতার আদর্শ ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনা আজও সমাজে ন্যায়বিচার, অসাম্প্রদায়িকতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রেরণা জোগায়।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কবির স্মরণে তাঁর লেখা গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৬৮ বছরের মুরাদনগর ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে

প্রধান শিক্ষকসহ একাধিক পদ শূন্য, পাঠদানে বাড়ছে সংকট
১৮৫৮ সালে প্রতিষ্ঠিত সেই ১৬৮ বছরের মুরাদনগর ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষক ও কর্মচারীর পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে, কমছে শিক্ষার মান এবং বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ।
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ১৬৮ বছরের সেই পুরানো ঐতিহ্যবাহী মুরাদনগর ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক ও জনবল সংকটের মধ্যে পরিচালিত হচ্ছে। উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিত ১৬৮ বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ বছরের পর বছর শূন্য থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের কোনো শিক্ষক নেই। এছাড়া গণিত, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা বিষয়ে দুটি করে অনুমোদিত পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র একজন করে শিক্ষক।
শুধু শিক্ষক সংকট নয়, বিদ্যালয়ের অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, পিয়ন, ঝাড়ুদার ও নাইট গার্ডের পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম, নিরাপত্তা ও দৈনন্দিন ব্যবস্থাপনায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। অস্থায়ী কর্মচারীদের দিয়ে কার্যক্রম চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, নিরাপত্তাকর্মী না থাকায় বিভিন্ন সময় বিদ্যালয়ের ভবনের জানালার থাই গ্লাসসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনাও ঘটেছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদ রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে প্রাইভেট কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ময়নাল হোসেন সরকার বলেন, শিক্ষক ও জনবল সংকটের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার মান ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়টিতে শিক্ষক ও জনবলের সংকট রয়েছে। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আবেদন করলে তা মহাপরিচালকের কাছে সুপারিশ করা হবে, যাতে দ্রুত শূন্য পদে নিয়োগের ব্যবস্থা নেওয়া যায়।
এলাকাবাসীর দাবি, ১৬৮ বছরের ঐতিহ্য বহনকারী এই সরকারি বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মুরাদনগরের শিক্ষা ও ইতিহাসের অন্যতম ভিত্তি। দ্রুত প্রধান শিক্ষকসহ সব শূন্য পদে নিয়োগ দিয়ে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা।



















