‘খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে’—দেবীদ্বারে এমপি রাশেদা হীরা

দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। ছবি : আজকের কথা
দেবীদ্বারে বিএনপির মতবিনিময় সভা: খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করলেন এমপি রাশেদা বেগম হীরা
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, “বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে বিষ প্রবেশ করিয়ে লিভার নষ্ট করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হয়ে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের অর্থ লুটপাটেরও অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাশেদা বেগম হীরা বলেন, দলকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বেগম খালেদা জিয়াও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলাম-সংগ্রাম করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার এ ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, “এখন আর ১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন নেই। কেউ আর জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে না। জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।”
দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিন-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল, জবাব দিতে নির্দেশ সংশ্লিষ্টদের

কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত বিষয়ে কুমিল্লা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের আদালতে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রিট আবেদনকারী সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর-এর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আজকের কথাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান কমিটি ত্রুটিপূর্ণ ও বিতর্কিত ভোটার তালিকার ভিত্তিতে গত ১৩ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরে ২০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোটার তালিকা সংশোধনের আবেদন ও আইনগত নোটিশ দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় ৩০ জুলাই নির্বাচন আয়োজনের কার্যক্রম অব্যাহত রাখা হয়।
রিটে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন, নতুন ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, নতুন নির্বাচনী তফসিল ঘোষণা এবং পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আদালতে জবাব দিতে নির্দেশ দেন।
আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান জানান, গত ২৯ জুলাই হাইকোর্টে রিটটি দাখিল করা হয়। এতে নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।
দেবীদ্বারে স্কুলছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক সভা

কুমিল্লার দেবীদ্বারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্কুলছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা, বয়ঃসন্ধিকালীন পরিচর্যা ও মানসিক সুস্থতা বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী মহিউদ্দিন বাহারুল-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রবিউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
আলোচকরা বলেন, কিশোরীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান, নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুম সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত ভুল ধারণা দূর করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পরীক্ষার চাপ, মানসিক উদ্বেগ ও যেকোনো ধরনের উপহাস বা মানসিক নির্যাতন থেকে রক্ষায় ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় শিক্ষক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে ২৯ জুলাই বুধবার দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী, ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. তানজিলা তাবিব চৌধুরী, ইমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগের ইনচার্জ ডা. এনামুল কবির তানভীর, এবং সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান মুরাদ ও শ্রাবন্তী দে।
প্রশিক্ষণ কর্মশালায় Advanced Trauma Life Support (ATLS), ‘বুকে ব্যথা মানেই কি হার্টের ব্যথা?—প্রাথমিক করণীয়’, রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে সাধারণ ত্রুটি ও প্রতিকার, সাধারণ রোগে ওষুধের যৌক্তিক ব্যবহার, হ্যান্ড ওয়াশিংয়ের গুরুত্ব, নেবুলাইজার, ইনহেলার ও অক্সিজেন ডিভাইসের সঠিক ব্যবহার, প্যারেন্টেরাল প্রসিডিউর ও অ্যাসেপটিক টেকনিক, এবং প্রোফাইল্যাক্সিস ও নন-ফার্মাকোলজিক্যাল পরামর্শ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পল্লী চিকিৎসক সমবায় সমিতির সভাপতি মাওলানা রফিকউল্লাহ এবং বর্তমান সভাপতি পল্লী চিকিৎসক নাসির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক রাশেদুল মনোয়ার, মাহমুদুল হাসান, মামুনুর রশিদ, মুহসিন, মুহিউদ্দিন, বাবলু, এরশাদ এবং লিটন কুমার শর্মাসহ বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জাহেদুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চিকিৎসাবিজ্ঞান, রোগ নির্ণয় ও প্রাথমিক ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষতা বৃদ্ধি পেলে সাধারণ মানুষ আরও নিরাপদ, কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পার্কভিউ হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ আব্দুস সোবহান, রাজ্জাকুল হায়দার এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।




















