বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আদালতের নির্দেশ, এবার জবাবদিহির পালা

মুরাদনগরে কৃষিজমি রক্ষায় হাইকোর্টের কড়া নির্দেশ: অবৈধ ড্রেজার-ইটভাটা বন্ধ, জব্দ ও ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন আদালত

আজকের কথা ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৩৮ পিএম
মুরাদনগরে কৃষিজমি রক্ষায় হাইকোর্টের কড়া নির্দেশ: অবৈধ ড্রেজার-ইটভাটা বন্ধ, জব্দ ও ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন আদালত। দৈনিক আজকের কথা

মুরাদনগরে কৃষিজমি রক্ষায় হাইকোর্টের কড়া নির্দেশ: অবৈধ ড্রেজার-ইটভাটা বন্ধ, জব্দ ও ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন আদালত। ছবি : দৈনিক আজকের কথা

সংবাদের মূল সারসংক্ষেপ

  • সরকারি রাস্তার গতিপথ পরিবর্তনের অভিযোগেও তদন্তে সত্যতা, দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষিজমির উর্বর মাটি কাটা, অবৈধ ইটভাটায় সেই মাটি ব্যবহার, কৃষিজমি ধ্বংস এবং পরিবেশ বিপর্যয় রোধে এবার প্রশাসনের ওপর আরও কঠোর নজরদারি আরোপ করলেন হাইকোর্ট।
  • অবৈধ ড্রেজার ও মাটি কাটার যন্ত্রপাতি জব্দ, অবৈধ ব্রিক ফিল্ড বন্ধ, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও বালুর গর্ত তদন্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
  • সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ দেন বলে রিটকারীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকারি রাস্তার গতিপথ পরিবর্তনের অভিযোগেও তদন্তে সত্যতা, দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষিজমির উর্বর মাটি কাটা, অবৈধ ইটভাটায় সেই মাটি ব্যবহার, কৃষিজমি ধ্বংস এবং পরিবেশ বিপর্যয় রোধে এবার প্রশাসনের ওপর আরও কঠোর নজরদারি আরোপ করলেন হাইকোর্ট। অবৈধ ড্রেজার ও মাটি কাটার যন্ত্রপাতি জব্দ, অবৈধ ব্রিক ফিল্ড বন্ধ, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও বালুর গর্ত তদন্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ দেন বলে রিটকারীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আদালতের নির্দেশনায় কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি বাস্তবায়ন করে আদালতে রিপোর্ট দিতে বলা হয়েছে।

যে ৮ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হাইকোর্টের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের জন্য বেশ কয়েকটি নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

১. কৃষিজমি ও নদী থেকে উর্বর মাটি কাটায় ব্যবহৃত ড্রেজারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি জব্দ করতে হবে।

২. অবৈধ ব্রিক ফিল্ড বা ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৩. ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে ক্ষতিগ্রস্ত আবাদি জমি ও সৃষ্ট বালুর গর্তগুলো তদন্ত করতে হবে।

৪. কৃষিজমি রক্ষায় সময়সীমা নির্ধারণ করে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

৫. ড্রেজার ও ইটভাটার জন্য মাটি কাটার ফলে সৃষ্ট গর্তগুলো পুনরায় আবাদযোগ্য জমিতে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে।

৬. নদী ও কৃষিজমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার, ভেকু ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।

৭. এলাকায় নিয়মিত পেট্রোল ডিউটি পরিচালনার মাধ্যমে নদী ও আবাদি জমি থেকে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নিতে হবে।

৮. মাটি কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও আদালতে প্রেরণের উদ্যোগ নিতে হবে।

দীর্ঘদিনের অভিযোগ, চিঠি-নোটিশের পর হাইকোর্টে রিট

রিটকারীর দেওয়া তথ্য অনুযায়ী, মুরাদনগরে কৃষিজমির উর্বর মাটি কেটে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন, অবৈধ ব্রিক ফিল্ডে মাটি সরবরাহ, কৃষিজমি ভরাট করে আবাসন নির্মাণসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে প্রতিবাদ ও প্রশাসনিক পদক্ষেপের দাবি জানানো হয়ে আসছিল।

কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ ওরফে উজ্জল জানান, কৃষি ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২০২০ সালের ১৬ ডিসেম্বর মুরাদনগর উপজেলার পিপড়িয়া ঈদগাহ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি ও পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এরপর এলাকাবাসীর মতামতের ভিত্তিতে তিনি বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যান।

তিনি দাবি করেন, প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২০ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ই-মেইল ও ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রায় ৬০টি চিঠি দেওয়া হয়।

এরপর অবৈধ ড্রেজার, ব্রিক ফিল্ড, কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার এবং কৃষিজমি ভরাট করে আবাসন গড়ে তোলার অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ ও পরবর্তীতে ডিমান্ড অব জাস্টিস নোটিশ দেওয়া হয়।

রিটকারীর ভাষ্য অনুযায়ী, এসব নোটিশের পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ২০২২ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ১৪১০৮/২০২২ দায়ের করা হয়। রিটে কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ ওরফে উজ্জল এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিউদ্দিন জুয়েল আবেদনকারী ছিলেন।

৬০ দিনের মধ্যে পরিকল্পনা ও অগ্রগতি জানানোর নির্দেশ ছিল

রিটকারীর দাবি, এর আগে ২০২২ সালের ৫ ডিসেম্বর হাইকোর্ট মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)কে অবৈধ ড্রেজার ও ব্রিক ফিল্ড বন্ধ, কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার বন্ধ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় তদন্ত করে গর্তগুলো ভরাটের জন্য কর্মপরিকল্পনাসহ ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

একইসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার, মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কৃষিজমি ও নদী থেকে মাটি কাটায় ব্যবহৃত অবৈধ ড্রেজার, ভেকুসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ, নিয়মিত পেট্রোল ডিউটি এবং মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে রিটকারীর পক্ষ থেকে জানানো হয়।

তবে ওই নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণ, কর্মপরিকল্পনা ও অগ্রগতির প্রতিবেদন আদালতে যথাসময়ে দাখিল করা হয়নি বলে অভিযোগ রিটকারীর।

কৃষিজমি রক্ষায় সংবিধানের নির্দেশনার কথাও তুলে ধরা হয়েছে

রিটকারীর পক্ষ থেকে বলা হয়েছে, কৃষি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষার বিষয়টি বাংলাদেশের সংবিধানের ১৬, ১৮ক, ২১(১) ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবাদি জমি রক্ষা এবং কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে নেওয়া বন্ধ করা রাষ্ট্রীয় দায়িত্বের অংশ বলেও দাবি করা হয়েছে।

দৈনিক আজকের কথা
স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানানো হলেও অসাধু মাটি ব্যবসায়ীরা বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয় সাংবাদিকরাও বিভিন্ন সময়ে এসব বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন।
— অ্যাডভোকেট. মো. আবুল কালাম আজাদ ওরফে উজ্জল
কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি ও রিটকারী।

সরকারি রাস্তার গতিপথ পরিবর্তন নিয়েও ক্ষোভ

এদিকে মুরাদনগরে জনস্বার্থে ব্যবহৃত একটি সরকারি রাস্তার গতিপথ পরিবর্তনের অভিযোগ নিয়েও নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনগণের চলাচলের জন্য ব্যবহৃত সরকারি রাস্তার গতিপথ পরিবর্তন করে দেওয়ায় পথচারী ও এলাকাবাসী ভোগান্তিতে পড়েছেন।

এ ঘটনায় স্থানীয় জনগণ গণস্বাক্ষর সংগ্রহ করে কুমিল্লার জেলা প্রশাসক, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে স্থানীয়দের দাবি। কিন্তু তদন্তে সত্যতা পাওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও নিয়মিত ওই পথ ব্যবহারকারী মানুষজন।

স্থানীয় পথচারীদের অভিযোগ, একদিকে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আদালতের নির্দেশনা রয়েছে, অন্যদিকে জনগণের চলাচলের সরকারি রাস্তার গতিপথ পরিবর্তনের অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ার পরও যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ প্রতিকার পাবে কোথায়—এ প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

তাদের দাবি, সরকারি রাস্তার মূল গতিপথ, জমির রেকর্ড ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হোক।

‘আদালতের নির্দেশনা বাস্তবায়ন কৃষি রক্ষায় মাইলফলক’

রিটকারী অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ ওরফে উজ্জল বলেন, মুরাদনগরের কৃষিজমি রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ ড্রেজার ও ব্রিক ফিল্ড বন্ধের পাশাপাশি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষিজমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হলে কৃষি ও পরিবেশ রক্ষায় এটি কার্যকর পদক্ষেপ হবে।

তিনি বলেন, শুধু আদালতের নির্দেশনা জারি হলেই হবে না; নির্দেশনা বাস্তবায়ন হয়েছে কি না, কারা দায়িত্ব পালন করছেন এবং কোথায় ব্যর্থতা রয়েছে—তারও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

রিটকারীর পক্ষ থেকে আরও বলা হয়, মুরাদনগরের কৃষিজমি রক্ষা, অবৈধ মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার এবং জনগণের চলাচলের সরকারি রাস্তা সুরক্ষায় প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

সর্বশেষ সংবাদের জন্য যুক্ত থাকুন:
সম্পাদকীয় নোট

প্রকাশিত সংবাদটি আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রস্তুত ও পুনর্লিখন করা হয়েছে। নতুন বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

সম্পাদক- দৈনিক আজকের কথা
0 0 votes
রেটিং দিন।
Subscribe
Notify of
guest
0 মন্তব্যসমূহ
Oldest
Newest Most Voted
এলাকার খবর

গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের সংকট নিরসন সম্ভব নয়: আহমেদ আবু জাফর

এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম
গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের সংকট নিরসন সম্ভব নয়: আহমেদ আবু জাফর

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখা গঠন, সভাপতি আহমেদ হোসাইন ও সম্পাদক শফিউল আলম রাজীব

গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখা গঠন উপলক্ষে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, “আমাদের সবাইকে নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে সাংবাদিকতা পেশার উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বাস্তব উদ্যোগ, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে এবং সাংবাদিক শফিউল আলম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

দৈনিক আজকের কথা
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতন ও হয়রানি প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।
— এ বি এম আতিকুর রহমান বাশার
সভাপতি, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং সংগঠনটির কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান।

এ ছাড়া বক্তব্য দেন কমিটির সহসভাপতি মনোয়ার হোসেন ও মো. আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মাহমুদ হৃদয়, দৈনিক আজকালের খবরের দেবীদ্বার প্রতিনিধি এ আর আহমেদ হোসাইন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ফারুক হোসাইন জনি, ঢাকা নিউজের প্রতিনিধি এ কে এম মিজানুর রহমান কাউছার, ডা. মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন ও অ্যাডভোকেট আনিসুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাহিদ হাজারী। গীতা পাঠ করেন ভজন সাহা। পরে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দলীয় সংগীত পরিবেশিত হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা এবং অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

২১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা

মতবিনিময় সভা শেষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ২১ সদস্যবিশিষ্ট দেবীদ্বার উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।

কমিটিতে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি এ আর আহমেদ হোসাইনকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য পদধারীরা হলেন—সহসভাপতি ময়নাল হোসেন (ভিপি), দৈনিক মুক্ত খবর; যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন হাজারী, দৈনিক জবাবদিহি; সাংগঠনিক সম্পাদক জনি ফারুক, দৈনিক ইনকিলাব; সহসাংগঠনিক সম্পাদক এম এ হালিম, দৈনিক বাংলার আলোড়ন; দপ্তর সম্পাদক মনির মোশাররফ, দৈনিক নাগরিক ভাবনা; অর্থবিষয়ক সম্পাদক ডা. মো. শাহিন; প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম মিজানুর রহমান কাউছার, দৈনিক ঢাকা নিউজ; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শিক্ষক মো. শাখাওয়াত হোসেন; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আনিছুর রহমান খান; সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ডা. শাহ জালাল; শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক; পরিবেশবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দিন প্রতিদিন; মামলা ও নির্যাতন মনিটরিং সেলের দায়িত্বে বিল্লাল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার; জরুরি সহায়তা ও চিকিৎসাবিষয়ক দায়িত্বে ডা. মাসুদ হাসান।

নির্বাহী সদস্য করা হয়েছে আব্দুল আউয়াল, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এবং আব্দুল আলিম, ফেইস দ্য পিপল নিউজকে। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন এমজে মামুন, দৈনিক নাগরিক ভাবনা; রাসেল সরকার, দৈনিক মানবজমিন এবং মামুনুর রশীদ, দৈনিক খবরের আয়না।

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আজকের কথা ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:১৮ পিএম
কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

লালমাইয়ে মর্মান্তিক ঘটনা, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই

কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবদুর রহমান (৪) ও জুবায়ের (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান ওই গ্রামের প্রবাসী সোহেল রানার ছেলে। অন্যদিকে জুবায়ের একই গ্রামের জুয়েল রানার সন্তান। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির কাছেই খেলাধুলা করছিল দুই শিশু। খেলার একপর্যায়ে তারা পাশের একটি পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শিশু দুটিকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে তাদের ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। এরপর দ্রুত স্থানীয় বাগমারা বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিজ ওয়ার্ডে মেম্বার হওয়ার মুরোদ নেই, দুই উপজেলার ২২ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা!

আজকের কথা ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম
নিজ ওয়ার্ডে মেম্বার হওয়ার মুরোদ নেই, দুই উপজেলার ২২ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা!

মুরাদনগর ও বাঙ্গরায় এনসিপির প্রার্থী বাছাই নিয়ে কামাল ভূঁইয়ার কড়া সমালোচনা, বক্তব্যের ভিডিও ভাইরাল

কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ ও প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কঠোর সমালোচনা করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।

কামাল ভূঁইয়া বলেন, “যার নিজের ওয়ার্ডে মেম্বার হওয়ার মতো অবস্থান নেই, তিনি দুই উপজেলার ২২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করতে এসেছেন—এটা হাস্যকর।”

২৬ অক্টোবর বিকেলে বাঙ্গরা উপজেলার আকুবপুর ইউনিয়নের আমতলী বাজারসংলগ্ন এনসিপির কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থেকে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন।

দৈনিক আজকের কথা
যার নিজের ওয়ার্ডে মেম্বার হওয়ার মতো অবস্থান নেই, তিনি দুই উপজেলার ২২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করতে এসেছেন—এটা হাস্যকর।
— কামাল উদ্দিন ভূঁইয়া
যুগ্ম আহবায়ক- মুরাদনগর উপজেলা বিএনপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছিল এনসিপি। তবে সব ইউনিয়ন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে কেউ যোগাযোগ করেছেন কি না, সে বিষয়ে দলটির স্থানীয় নেতাদের কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

এনসিপির এ উদ্যোগের সমালোচনা করে বিএনপি নেতা কামাল উদ্দিন ভূঁইয়া দাবি করেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিজের এলাকায় রাজনৈতিক জনসমর্থন নেই। এমনকি নিজের ভোট মুরাদনগর থেকে ঢাকায় স্থানান্তর করে চলে যেতে হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

কামাল ভূঁইয়া আরও বলেন, মুরাদনগর ও বাঙ্গরার মাটিতে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

তাঁর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে অনলাইনে আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানাচ্ছেন বলে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিংবা এনসিপির পক্ষ থেকে কামাল ভূঁইয়ার এসব বক্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

×
ENG