রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জামায়াত সোহরাওয়ার্দী সমাবেশ ২০২৫: ছাত্র ইউনিয়নের ভাষ্য, মুক্তিযুদ্ধকে করা হলো কলঙ্কিত

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১১:৩৬ পিএম
জামায়াত সোহরাওয়ার্দী সমাবেশ ২০২৫: ছাত্র ইউনিয়নের ভাষ্য, মুক্তিযুদ্ধকে করা হলো কলঙ্কিত
google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জামায়াত সোহরাওয়ার্দী সমাবেশ ২০২৫ নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ

জামায়াত সোহরাওয়ার্দী সমাবেশ ২০২৫ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মতো যুদ্ধাপরাধী সংগঠনকে সমাবেশের অনুমতি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

আজ শনিবার (১৯ জুলাই) এক বিবৃতিতে ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, “৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভেঙে ফেলার মতো ঘটনায়ও সরকার ছিল নিশ্চুপ।”

জামায়াত সোহরাওয়ার্দী
জামায়াত এর এ সমাবেশকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ছাত্র ইউনিয়ন। অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ছবি : আজকের কথা।

বিবৃতিতে বলা হয়, “সোহরাওয়ার্দী উদ্যান হলো বিজয়ের প্রতীক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এখানেই আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসর জামায়াতে ইসলামী, রাজাকার, আলবদর, আলশামস। অথচ সেই একই স্থানে জামায়াতকে সমাবেশের অনুমতি দিয়ে ইতিহাসকেই অপমান করা হয়েছে।”

তারা আরও বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা এবং মুক্তিযোদ্ধাদের “আওয়ামী দোসর” বলে উপস্থাপন—সবই মুক্তিযুদ্ধবিরোধী পরিকল্পনার অংশ। ছাত্র সমাজ এই ষড়যন্ত্র প্রতিহত করবে।

জামায়াত সোহরাওয়ার্দী সমাবেশ ২০২৫ নিয়ে ছাত্র ইউনিয়নের এই অবস্থান প্রমাণ করে—এই ঘটনায় দায় এড়াতে পারবে না অন্তর্বর্তী সরকার।

সুযোগ বুঝে হাতিয়ে নিল ৪ লাখ টাকার মালামাল

দেবীদ্বারে ভাড়াটিয়া সেজে চুরির অভিযোগ, আদালতে পাঠানো হলো অভিযুক্তকে

এবিএম আতিকুর রহমান বাশার : প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:৪৩ পিএম
দেবীদ্বারে ভাড়াটিয়া সেজে চুরির অভিযোগ, আদালতে পাঠানো হলো অভিযুক্তকে

ভাড়া নিয়ে বসবাস, সুযোগ বুঝে হাতিয়ে নিল ৪ লাখ টাকার মালামাল

কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ গ্রামে ভাড়াটিয়া পরিচয়ে বাড়িতে অবস্থান করে মালিকের অনুপস্থিতির সুযোগে কয়েক প্রজন্মের ব্যবহৃত কাঁসা, পিতল ও অ্যালুমিনিয়ামের মূল্যবান তৈজসপত্র চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি হলেন উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছংছাইল গ্রামের গৌরাঙ্গ সূত্রধরের ছেলে দিলিপ সূত্রধর (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুর্গাপূজা উপলক্ষে দিলিপ সূত্রধরের সঙ্গে বেগমাবাদ গ্রামের বাসিন্দা রতন সাহার পরিচয় হয়। রতন সাহা মূলত কুমিল্লা শহরে বসবাস করলেও তার গ্রামের বাড়িটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে। বিশেষ প্রয়োজন ছাড়া তিনি সেখানে খুব কমই আসেন।

পরিচয়ের সূত্র ধরে দিলিপ সূত্রধর রতন সাহার কাছে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে বাড়ির একটি কক্ষ ভাড়া চান। তিনি জানান, জাফরগঞ্জ বাজারে কাঠের ব্যবসা পরিচালনার সুবিধার্থে ওই এলাকায় থাকার প্রয়োজন রয়েছে। বাড়ির নিরাপত্তা নিশ্চিত হবে এবং ভাড়াও পাওয়া যাবে—এমন চিন্তা থেকে রতন সাহা তাকে একটি কক্ষ ভাড়া দেন।

কিন্তু সম্প্রতি ঈদ উপলক্ষে বাড়িতে এসে রতন সাহা দেখতে পান, তার ঘরে সংরক্ষিত কয়েক প্রজন্মের ব্যবহৃত পিতল, কাঁসা, অ্যালুমিনিয়ামের তৈজসপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উধাও। তার দাবি, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য চার লাখ টাকারও বেশি।

ঘটনার পর রতন সাহা বাদী হয়ে দেবীদ্বার থানায় দিলিপ সূত্রধরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের ভিত্তিতে পুলিশ শনিবার (৩০ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

রোববার (৩১ মে) দুপুরে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “ভাড়াটিয়া পরিচয়ে বসবাস করে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে পুরনো ঐতিহ্যবাহী কাঁসা ও পিতলের তৈজসপত্র চুরির অভিযোগে দিলিপ সূত্রধরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

মহাসড়কে হঠাৎ শক্তি প্রদর্শন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের বিশাল শোডাউন, চাঙ্গা তৃণমূল

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:৪৪ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের বিশাল শোডাউন, চাঙ্গা তৃণমূল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশের উপস্থিতিতেই ছত্রভঙ্গ নেতাকর্মীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আকস্মিক মিছিল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ৭টার দিকে অনুষ্ঠিত এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করেন। পরে সকাল ৭টার দিকে নিমসার ও কোরপাই এলাকায় মিছিল বের করেন তারা। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানও দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আয়োজকদের দাবি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন মিছিলের আয়োজন করেন।

যুবলীগ নেতা জালাল উদ্দিন বলেন, “প্রায় এক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারের পশ্চিম পাশে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।”

এদিকে মিছিলের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, “আওয়ামী লীগ গোপনে মিছিল করেছে। বিষয়টি নিয়ে আমাদের সংসদ সদস্য জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে প্রশাসন কেন কার্যকর ব্যবস্থা নেয়নি, সেটিও জানতে চাওয়া হবে।”

তবে পুলিশের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে এসেছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, “কোরপাই এলাকায় কিছু লোকজন জড়ো হওয়ার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মিছিলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

ঝড়-বৃষ্টি ছাড়াই গাছ উপড়ে মহাসড়কে, কুমিল্লা-সিলেট সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

এবিএম আতিকুর রহমান বাশার : প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:১৬ পিএম
ঝড়-বৃষ্টি ছাড়াই গাছ উপড়ে মহাসড়কে, কুমিল্লা-সিলেট সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

কোনো ধরনের ঝড়-বৃষ্টি ছাড়াই হঠাৎ একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলমুখী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রবিবার (৩১ মে) সকাল আনুমানিক ১০টার দিকে দেবীদ্বার থানার পশ্চিম পাশে মহাসড়কের ওপর গাছটি পড়ে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবীদ্বার থানা মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণে থাকা একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ আকস্মিকভাবে সড়কের ওপর ভেঙে পড়ে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামগামী একটি পণ্যবাহী লরির ওপর গাছের একটি অংশ পড়ে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং লরির চালক ও সহকারীরা অক্ষত থাকেন।

গাছটি পড়ে যাওয়ার ফলে দেবীদ্বার থানার পশ্চিম পাশের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এছাড়া একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার পরপরই মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষ করে কাঁচামাল পরিবহনকারী যানবাহন, নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল, দেবীদ্বার থানা পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১টার দিকে গাছটি কেটে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “কৃষ্ণচূড়া গাছটি আগের কয়েকটি ঝড়ের কারণে কিছুটা হেলে ছিল। রবিবার সকালে সেটি উপড়ে মহাসড়কের ওপর পড়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় দ্রুত গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। লরিটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

স্থানীয়রা মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ ও হেলে পড়া গাছগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ও জনভোগান্তি এড়ানো যায়।

×