দাউদকান্দিতে কৃষক দল নেতার ওপর হামলায় বিএনপি নেতা বহিষ্কার
দাউদকান্দিতে কৃষক দল নেতার ওপর হামলার ঘটনায় বিএনপির গোয়ালমারী ইউনিয়ন কমিটির সদ্যঘোষিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ৩ জুলাই সংঘটিত ওই হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে ইন্ধন ও নির্দেশনার অভিযোগ ওঠে। তদন্তে প্রমাণ মেলায় তাঁকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।
দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর ৩ জুলাই সন্ত্রাসী হামলা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই অভিযোগ ওঠে, সদ্যঘোষিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের নির্দেশেই হামলাটি হয়েছে।
উপজেলা বিএনপির পক্ষ থেকে মিজানুর রহমান প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি জবাব দিলেও সেটি অগ্রহণযোগ্য হওয়ায় ও তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলীয় শৃঙ্খলা কমিটি।
গতকাল শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
ভিপি জাহাঙ্গীর বলেন, “মিজানুর রহমান প্রধানের লোকজন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলা চালিয়েছে। আমরা তাঁকে শোকজ করেছিলাম, কিন্তু সন্তোষজনক জবাব পাইনি। তদন্তে বিষয়টি পরিষ্কার হয়েছে।”
তিনি আরও বলেন, “এই বহিষ্কারই প্রমাণ করে, বিএনপি কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দাউদকান্দিতে কৃষক দল নেতার ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান প্রধানকে বহিষ্কার করে বিএনপি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে—শৃঙ্খলা ভঙ্গকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কেউই দলের আশ্রয়-প্রশ্রয় পাবে না।




















