নিপুণ রায়ের গয়নার পাহাড়—সোনা ৫০২ ভরি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও অন্যান্য সম্পদের তথ্য উঠে এসেছে।
হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের নিজের নামে রয়েছে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না। তাঁর স্বামী অমিতাভ রায়ের নামেও রয়েছে আরও ১০০ ভরি গয়না। তবে এসব গয়নার কোনো মূল্য উল্লেখ করা হয়নি; এগুলো উপহার হিসেবে প্রাপ্ত এবং অর্জনকালীন মূল্য অজানা বলে উল্লেখ করা হয়েছে।
নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি আইনজীবী পেশায় যুক্ত এবং বছরে তাঁর আয় ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে প্রায় সাড়ে চার লাখ টাকা আয় করেন। তাঁর স্বামী অমিতাভ রায় পেশায় ব্যবসায়ী।
হলফনামায় দেখা যায়, নিপুণ রায়ের নামে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত রয়েছে। এছাড়া তাঁর নামে থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর নিজের নামে অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, তাঁর স্বামীর নামে অস্থাবর সম্পদের মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।
স্থাবর সম্পদের মধ্যে একটি ফ্ল্যাটের তথ্য উল্লেখ করা হয়েছে, যা ৮৫ লাখ ২০ হাজার টাকায় কেনা হলেও এর অবস্থান হলফনামায় উল্লেখ করা হয়নি।
এছাড়া নিপুণ রায়ের নামে ১ কোটি ১৯ লাখ টাকার ব্যাংকঋণ ও ব্যক্তিগত দায় রয়েছে। স্বামী-স্ত্রী মিলিয়ে তাঁদের কাছে নগদ অর্থ রয়েছে মোট ৭৬ লাখ টাকা, যার মধ্যে নিপুণ রায়ের নিজের নামে রয়েছে ১৩ লাখ ২৯ হাজার টাকা।























