বিরল রুটিফল কুমিল্লা বার্ডে, কাঁঠালের মতো ফল দেখে বিস্মিত দর্শনার্থীরা

বিরল রুটিফল এখন শুধু কৌতূহল নয়, ওষুধি গুণেও সমৃদ্ধ বিদেশি এই ফল এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু
বিরল রুটিফল কুমিল্লা বার্ডে ধরে তাক লাগিয়েছে স্থানীয়দের। কাঁঠালের মতো আকৃতি আর পেঁপের পাতায় মোড়ানো এই ফল দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে।
বার্ডের মহাপরিচালক দপ্তরের উত্তর পাশে, ডাকঘর এলাকা ও অডিটোরিয়ামের সামনে থাকা তিনটি রুটিফল গাছে এখন শাখায় ঝুলে আছে প্রচুর সবুজ ফল। দর্শনার্থীরা উৎসাহ নিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন।
১৯৮৪ সালে বার্ডে প্রথম রুটিফল গাছ রোপণ করা হয়। ঝড়ে নষ্ট হয়ে যাওয়ার পর ২০১৭ সালে নতুন করে চারটি গাছ লাগানো হয়। এ বছর তিনটিতে ফল এসেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্দীপনা ছড়িয়েছে।

বার্ডের বাগান শাখার সামছুল হক বলেন, “গাছগুলো ছোটবেলা থেকে লালন করেছি। মাসের শেষে ফল পাড়ার পরিকল্পনা রয়েছে।”
এই ফলকে সাধারণত সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। ইংরেজিতে এর নাম ‘ব্রেডফ্রুট’ (Breadfruit), বৈজ্ঞানিক নাম Artocarpus altilis। উদ্ভিদবিদ মো. মোশাররফ হোসেন জানান, স্বাদ আলুর মতো হলেও এটি পাউরুটির বিকল্প হতে পারে। এর উচ্চতা ৫০-৭০ ফুট পর্যন্ত হয়।
রুটিফল শুধু কৌতূহলের বস্তু নয়, এতে রয়েছে নানা পুষ্টিগুণ ও ওষুধি উপাদান। সাবেক চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, “এই ফলে সুষম খাদ্যের সব উপাদান আছে। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও চর্মরোগেও এটি উপকারী।”
কৃষি বিভাগ বলছে, কেউ রুটিফল চাষে আগ্রহী হলে তারা সহায়তা দিতে প্রস্তুত।
বিরল রুটিফল কুমিল্লা বার্ডে এখন কেবল গাছেই নয়, মানুষের কৌতূহলের কেন্দ্রে। প্রাকৃতিক সৌন্দর্য আর পুষ্টিগুণ মিলিয়ে এটি হয়ে উঠেছে বার্ড ক্যাম্পাসের অন্যতম আকর্ষণ।
উল্লেখ্য-
রুটিফল (Breadfruit) একটি দুর্লভ ও পুষ্টিসমৃদ্ধ ফল যা বাংলাদেশে এখনও ব্যাপকভাবে পরিচিত নয়। মূলত ক্যারিবিয়ান, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ফলের উৎপত্তি হলেও বর্তমানে পরীক্ষামূলকভাবে কুমিল্লার বার্ডসহ দেশের কয়েকটি স্থানে এটি রোপণ করা হয়েছে। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও এর ভেতরের গঠন আলুর মতো এবং স্বাদেও রয়েছে আলু ও পাউরুটির মিশ্র স্বাদ। এটি ভাজি, ভর্তা বা রান্না করে খাওয়া যায়। উচ্চমাত্রায় কার্বোহাইড্রেটযুক্ত এই ফল মানবদেহে শক্তি জোগায়। এছাড়া এতে ফাইবার, ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হজমে সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গবেষণায় জানা গেছে, এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও চর্মরোগের প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে।
নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ১৮ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়ন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তি আব্দুল লতিফ ভূঁইয়া (৫০)। তিনি উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি প্রায় দুই বছর ধরে মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত একাধিকবার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বিষয়টি তার চাচা ও জ্যাঠাদের জানালে গত ২৮ জুলাই রাতে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসে। সেখানে অভিযুক্তকে বেত্রাঘাত, জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার মতো শাস্তি দেওয়া হয়।
সালিশের ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ওসি আব্দুর রহিম সরকার জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্তকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল, জবাব দিতে নির্দেশ সংশ্লিষ্টদের

কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত বিষয়ে কুমিল্লা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের আদালতে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রিট আবেদনকারী সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর-এর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আজকের কথাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান কমিটি ত্রুটিপূর্ণ ও বিতর্কিত ভোটার তালিকার ভিত্তিতে গত ১৩ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরে ২০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোটার তালিকা সংশোধনের আবেদন ও আইনগত নোটিশ দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় ৩০ জুলাই নির্বাচন আয়োজনের কার্যক্রম অব্যাহত রাখা হয়।
রিটে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন, নতুন ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, নতুন নির্বাচনী তফসিল ঘোষণা এবং পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আদালতে জবাব দিতে নির্দেশ দেন।
আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান জানান, গত ২৯ জুলাই হাইকোর্টে রিটটি দাখিল করা হয়। এতে নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।
‘খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে’—দেবীদ্বারে এমপি রাশেদা হীরা

দেবীদ্বারে বিএনপির মতবিনিময় সভা: খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করলেন এমপি রাশেদা বেগম হীরা
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, “বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে বিষ প্রবেশ করিয়ে লিভার নষ্ট করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হয়ে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের অর্থ লুটপাটেরও অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাশেদা বেগম হীরা বলেন, দলকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বেগম খালেদা জিয়াও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলাম-সংগ্রাম করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার এ ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, “এখন আর ১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন নেই। কেউ আর জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে না। জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।”
দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিন-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





















