ড. ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে আওয়ামী লীগের ৩ দিনের কর্মসূচি ঘোষণা, শনিবার দেশজুড়ে লকডাউন
ড. ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে আওয়ামী লীগের ৩ দিনের কর্মসূচি ঘোষণা, শনিবার দেশজুড়ে লকডাউন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ, দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আগামী নির্বাচনসহ মোট আট দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) সারা দেশে সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ পালনের ডাক দিয়েছে দলটি।
দলটির প্রচারপত্রের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
৩ দিনের ঘোষিত কর্মসূচি
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার:
➡️ সারা দেশে মশাল মিছিল
১২ ডিসেম্বর, শুক্রবার:
➡️ বাদ জুম্মা বিক্ষোভ মিছিল
১৩ ডিসেম্বর, শনিবার:
➡️ ঢাকাসহ সারাদেশে সকাল–সন্ধ্যা লকডাউন
আওয়ামী লীগের ৮ দফা দাবি
প্রচারপত্রে উল্লেখিত দাবিগুলোর মধ্যে প্রধান বিষয়গুলো হলো—
- জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো।
- বর্তমান সরকারকে ‘অবৈধ, দখলদার, খুনি ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ড. ইউনূসের পদত্যাগ দাবি।
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়েরকৃত ‘মিথ্যা ও গায়েবি’ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি।
- সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং আইসিটি কোর্ট (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) বাতিলের দাবি।
- আওয়ামী লীগের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ প্রত্যাহার, রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করে দলের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা।
এছাড়া আরও কিছু দাবি প্রচারপত্রে সংযুক্ত রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
দেশবাসীর প্রতি আহ্বান
আওয়ামী লীগের পক্ষ থেকে গণতন্ত্রকামী, শান্তিকামী ও দেশপ্রেমিক সকল নাগরিককে এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। প্রচারপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়, সঙ্গে ঘোষিত স্লোগান—
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”




















