লাঙ্গলকোটে এমপি ও দেবীদ্বারে মাদককারবারিদের তাণ্ডব
‘আমি না চাইলে কেউ সাংবাদিকতা করতে পারবে না’—এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
কুমিল্লার নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ ও হুমকির অভিযোগ উঠেছে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া-এর বিরুদ্ধে। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন এই সংসদ সদস্য।
স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি ও নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে উদ্দেশ করে সাংবাদিকতা থেকে বাদ দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি কয়েকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গেও অশোভন ও কটূক্তিপূর্ণ আচরণ করেন।
সভায় এমপি মোবাশ্বের বলেন, “আমি আপনাদের সহযোগিতায় এমপি হই নাই। ৫৮ মাস আমার ক্ষমতা আছে। আমি যেভাবে চাই, সেভাবে চলতে হবে।”
তিনি আরও বলেন, “আমি না চাইলে আপনি সাংবাদিকতা করতে পারবেন না।”
একই সভায় আরেক সাংবাদিককে উদ্দেশ করে তিনি কটাক্ষ করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি “তথাকথিত বিএনপি” এবং তাঁকে ফোন করে “হাদিয়ার লাই” নিয়েছেন বলে মন্তব্য করেন।
সভায় উপস্থিত নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লাকে উদ্দেশ করে তিনি একাধিক অভিযোগ তোলেন এবং তাঁকে “ফ্যাসিস্টের দোসর” বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, তার কাছে এসব বিষয়ে “ডকুমেন্ট” রয়েছে এবং তিনি প্রয়োজনে সিদ্ধান্ত নেবেন।
এছাড়া তিনি ইত্তেফাক প্রতিনিধি সম্পর্কে বলেন, প্রয়োজনে পত্রিকা কর্তৃপক্ষকে জানিয়ে তাঁকে দায়িত্ব থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করবেন।
মতবিনিময় সভাটি গত শুক্রবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন গ্রুপের নেতারা এতে উপস্থিত ছিলেন।
এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁর আচরণ ও বক্তব্যের নিন্দা জানানো হয়েছে।
একই দিনে দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক তিনজন থানায় থাকা অবস্থায় সাংবাদিকদের উদ্দেশে হুমকি দিয়ে বলে, “খুব শিগগিরই দেখা হবে।”
দুই ঘটনায় একদিনেই সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা দেখা দিয়েছে।

























