বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রেস কনফারেন্স ঘিরে বিতর্ক

মূলধারার সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স, কুড়িগ্রাম সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

আজকের কথা ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৫ পিএম
কুড়িগ্রাম সিভিল সার্জন

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার চৌধুরী। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে মূলধারার সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো নিয়ে সমালোচনার মুখে পড়েছে সিভিল সার্জন কার্যালয়। ছবি : আজকের কথা

google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচিকে কেন্দ্র করে কুড়িগ্রামে বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলার মূলধারার গণমাধ্যমকর্মীদের বাদ দিয়ে বাছাইকৃত কয়েকজনকে নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স আয়োজনের অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের বিরুদ্ধে। এ ঘটনায় জেলার জাতীয় ও মূলধারার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উপলক্ষে বুধবার কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে একটি অবহিতকরণ সভা এবং পরবর্তীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ রয়েছে, জেলার অধিকাংশ জাতীয়, আঞ্চলিক ও মূলধারার সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। বরং সীমিত পরিসরে পছন্দের কিছু ব্যক্তিকে নিয়ে দায়সারাভাবে কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।

সাংবাদিকদের ভাষ্য, জনসচেতনতা তৈরির সবচেয়ে কার্যকর মাধ্যম গণমাধ্যম। শিশুস্বাস্থ্য ও পুষ্টি সংশ্লিষ্ট এমন একটি জাতীয় কর্মসূচিতে মূলধারার সংবাদমাধ্যমকে উপেক্ষা করা শুধু দায়িত্বহীনতার পরিচয় নয়, বরং জনস্বার্থবিরোধী পদক্ষেপ বলেও মনে করছেন তারা।

জাতীয় দৈনিক কালবেলা’র কুড়িগ্রাম প্রতিনিধি এবং ইংরেজি দৈনিক ‘দ্য এশিয়ান এজ’-এর রংপুর ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, বর্তমানে শিশুদের হাম প্রতিরোধ ও শিশু মৃত্যুহার কমাতে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সেই উদ্যোগগুলোর অন্যতম। তিনি বলেন, “এ ধরনের কর্মসূচির গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে মূলধারার গণমাধ্যমের কোনো বিকল্প নেই। অথচ সিভিল সার্জন পরিকল্পিতভাবে তার পছন্দের কয়েকজনকে নিয়ে দায়সারাভাবে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স সম্পন্ন করেছেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন স্বজনপ্রীতিমূলক আচরণ কাম্য নয়।”

দৈনিক আজকালের খবর-এর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এম এ আযমও সিভিল সার্জনের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান।

ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময়-এর কুড়িগ্রাম প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে মূলধারার মিডিয়ার ভূমিকা অপরিসীম। কিন্তু পরিকল্পিতভাবে সাংবাদিকদের একটি বড় অংশকে বাদ দিয়ে প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।”

দৈনিক আমার দেশ-এর কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ বলেন, “যার কাছে মূলধারার গণমাধ্যমের গুরুত্ব নেই, তার কাছে জনস্বাস্থ্যের গুরুত্ব কতটুকু তা নিয়েও প্রশ্ন ওঠে। জনগণকে সচেতন করার প্রধান মাধ্যমকে উপেক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলা।”

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজ প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জেলার বৃহত্তম সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ না জানানো অত্যন্ত দুঃখজনক। এতে স্পষ্ট হয়েছে যে মূলধারার সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে।”

ইউনাইটেড প্রেসক্লাবের আহ্বায়ক ও চ্যানেল ওয়ানের কুড়িগ্রাম প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন, “সিভিল সার্জন দীর্ঘদিন ধরেই জেলার মূলধারার গণমাধ্যমকর্মীদের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে দূরে রাখছেন। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমকেও প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকদের প্রতি এই বৈষম্যমূলক মনোভাব দীর্ঘদিনের।”

সাংবাদিকদের অভিযোগ, কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, জবাবদিহি ও অংশগ্রহণমূলক যোগাযোগের ঘাটতি রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে গণমাধ্যমকে সম্পৃক্ত না করে ব্যক্তিকেন্দ্রিক ও পক্ষপাতমূলক পন্থা অনুসরণ করায় সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রম কাঙ্ক্ষিত প্রচার ও জনসম্পৃক্ততা থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে জেলার সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মতো জনস্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিতে মূলধারার গণমাধ্যমকে বাদ দেওয়া শুধু প্রশাসনিক উদাসীনতাই নয়, বরং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের একটি অস্বচ্ছ প্রবণতারও ইঙ্গিত বহন করে।

তবে অভিযোগের বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার চৌধুরী বলেন, “আমি মূলধারার সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে বলেছিলাম। কিন্তু অফিসের দায়িত্বপ্রাপ্ত স্টাফরা তা করেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ভবিষ্যতে যাতে কোনো মূলধারার সাংবাদিক এ ধরনের কর্মসূচি থেকে বাদ না পড়েন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, আগামী ২৮ জুন সারাদেশের মতো কুড়িগ্রামেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিশুস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

0 0 votes
রেটিং দিন।
Subscribe
Notify of
guest
0 মন্তব্যসমূহ
Oldest
Newest Most Voted

সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুড়ে ফেলা, ভিডিও ভাইরালের পর সেই তরুণ আটক

খাদিজা বেগম, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৫২ পিএম
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুড়ে ফেলা, ভিডিও ভাইরালের পর সেই তরুণ আটক

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, ভাইরাল ভিডিওর সূত্র ধরে তরুণ আটক

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটক মোহাম্মদ আলী নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, ‘অ্যানিম্যাল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে তার সঙ্গে একটি ইট ঝুলিয়ে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নদীতে ছুড়ে ফেলছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।

     ঘটনাটির মূল দিক

  • কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগ।
  • ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
  • ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ।
  • নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে আটক।
  • আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আজকের কথা ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:২৩ পিএম
দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তারর নাম নাজমুল হোসেন, বয়স (২৫)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২ টার দিকে রুদ্রনগর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাওয়ার টিলার নিয়ে নিজের জমি চাষ দিতে যায় নাজমুল হোসেন। দুপুর ২ টার দিকে বজ্রসহ বৃ‌ষ্টি শুরু হয়। এসময় মা‌ঠে কাজ কর‌ছি‌লেন নাজমুল হোসেন। মাঠেই বজ্রপাতে মারাত্মক ভাবে আহত হন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

ঐতিহ্য সংরক্ষণে নতুন অগ্রগতি

সাংবাদিক ইমরুলের দাবির প্রেক্ষিতে আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা ও কবিতীর্থ দৌলতপুর পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

খাদিজা বেগম, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:০০ পিএম
সাংবাদিক ইমরুলের দাবির প্রেক্ষিতে আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা ও কবিতীর্থ দৌলতপুর পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

ঐতিহ্য সংরক্ষণে নতুন আশার সঞ্চার, সংরক্ষণের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনে নতুন গতি

বাস্তবায়নের পথে সাংবাদিক ইমরুলের স্বপ্ন, অবশেষে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা ও কবিতীর্থ দৌলতপুর পরিদর্শনে এলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

বাংলা সংগীতের কিংবদন্তি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা ও স্মৃতিধন্য স্থাপনা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কবিতীর্থ দৌলতপুর সংরক্ষণের দাবিতে দীর্ঘদিনের আন্দোলন ও প্রচেষ্টার ধারাবাহিকতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেছে।

এক নজরে

  • জাহাঙ্গীর আলম ইমরুলের প্রস্তাবের পর মাঠে নামে প্রত্নতত্ত্ব অধিদপ্তর
  • পরিদর্শন করা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা ও ঐতিহাসিক মসজিদ
  • ঘুরে দেখা হয় নজরুল স্মৃতিবিজড়িত কবিতীর্থ দৌলতপুর
  • সংরক্ষণের দাবিতে ২০২০ সাল থেকে চলছে ধারাবাহিক উদ্যোগ
  • ঐতিহ্য সংরক্ষণে নতুন আশার সঞ্চার স্থানীয়দের মাঝে

গত ২২ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে অবস্থিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা, তাঁর নিজ হাতে নির্মিত মসজিদ এবং পিতা-মাতার সমাধিস্থল পরিদর্শন করেন। পরে একই দিনে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আলী আকবর খাঁনের বাড়িও পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ মে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম কুমিল্লা সফরে এলে ‘ঐতিহ্য কুমিল্লা’র সভাপতি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা এবং কবিতীর্থ দৌলতপুরকে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে পরিদর্শনের প্রস্তাব উত্থাপন করেন।

পরবর্তীতে মহাপরিচালক বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানাকে সরেজমিন পরিদর্শনের নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনার আলোকেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

শিবপুরে পরিদর্শনের সময় ড. নাহিদ সুলতানার সঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে শিবপুর কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল ওস্তাদজীর জন্মভিটা, ঐতিহাসিক মসজিদ এবং পারিবারিক কবরস্থান ঘুরে দেখেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

শিবপুর পরিদর্শন শেষে আঞ্চলিক পরিচালক নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, মাহবুব আলম লিটন, শাহীন রেজা টিটোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দল কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহাসিক দৌলতপুরে যান। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত লেখক, সমাজসংস্কারক ও প্রথম বিশ্বযুদ্ধের ক্যাপ্টেন আলী আকবর খাঁনের ঐতিহাসিক বাড়ি পরিদর্শন করেন ড. নাহিদ সুলতানা।

পরিদর্শনের সময় ‘ঐতিহ্য কুমিল্লা’র সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, বাবলু আলী খান, রায়হান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

ইতিহাস সূত্রে জানা যায়, ১৯২১ সালে ক্যাপ্টেন আলী আকবর খাঁনের আমন্ত্রণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রথম কুমিল্লার দৌলতপুরে আসেন। এখানেই আলী আকবর খাঁনের ভাগ্নি সৈয়দা খাতুন, যিনি ‘নার্গিস’ নামে পরিচিত, তাঁর সঙ্গে নজরুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফলে দৌলতপুর শুধু একটি ঐতিহাসিক বাড়িই নয়, বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে চলেছে।

এদিকে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা এবং কবিতীর্থ দৌলতপুরকে সংরক্ষণের দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ‘ঐতিহ্য কুমিল্লা’। সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল এ বিষয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন, গণসচেতনতা সৃষ্টি এবং গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে আসছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ‘ঐতিহ্য কুমিল্লা’র লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের তৎকালীন আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিবপুর ও দৌলতপুর পরিদর্শন করেছিল।

একই বছর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আরেকটি লিখিত আবেদনের পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফরিদ হোসেন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক লাভলী ইয়াসমিনের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি প্রতিনিধি দল শিবপুরে সরেজমিন পরিদর্শন করে।

পরবর্তীতে ২০২৫ সালেও বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি প্রতিনিধি দল সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা পরিদর্শন করে এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ সম্ভাবনা নিয়ে তথ্য সংগ্রহ করে।

জাহাঙ্গীর আলম ইমরুল ২০১৩ সালে মাছরাঙা টেলিভিশনে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে একটি সচিত্র অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এছাড়া দেশে প্রথমবারের মতো সুরসম্রাটকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ ও প্রচার করেন তিনি।

শুধু তাই নয়, সুরসম্রাটের স্মৃতি ও সম্পত্তি সংরক্ষণের দাবিতে ওয়াকফ এস্টেট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে ধারাবাহিকভাবে লিখিত আবেদন জানিয়ে আসছেন তিনি। পাশাপাশি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সভা-সেমিনার, আলোচনা অনুষ্ঠান এবং জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমেও বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সর্বশেষ এই পরিদর্শন সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জন্মভিটা এবং কবিতীর্থ দৌলতপুরকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবিকে নতুন গতি দেবে। একই সঙ্গে দেশের দুই অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী, গবেষক ও সচেতন নাগরিকরা।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×
CLOSE X
0
Would love your thoughts, please comment.x
()
x