মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

বিশ্বমঞ্চে মুরাদনগরের মুখখানি: সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উজ্জ্বল পথচলা

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১:৫৭ পিএম
বিশ্বমঞ্চে মুরাদনগরের মুখখানি: সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উজ্জ্বল পথচলা

সংবাদের মূল সারসংক্ষেপ

  • মুরাদনগরের গর্ব সাংবাদিক খালেদ মুহিউদ্দীন: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডয়চে ভেলে ও নিউইয়র্কের ‘ঠিকানা’ পর্যন্ত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন—এই নামটি কেবল কুমিল্লার মুরাদনগরের গর্ব নয়, বরং বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বলতম পরিচিতি।
  • কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দরানীপাড়া গ্রামের খন্দকার বাড়ির সন্তান তিনি।
  • তাঁর পৈত্রিক নিবাস খন্দকার বাড়ি, যেখানেই আজও তাঁর পূর্বপুরুষদের স্মৃতি রয়ে গেছে।

মুরাদনগরের গর্ব সাংবাদিক খালেদ মুহিউদ্দীন: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডয়চে ভেলে ও নিউইয়র্কের ‘ঠিকানা’ পর্যন্ত

সাংবাদিক খালেদ মুহিউদ্দীন—এই নামটি কেবল কুমিল্লার মুরাদনগরের গর্ব নয়, বরং বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বলতম পরিচিতি। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দরানীপাড়া গ্রামের খন্দকার বাড়ির সন্তান তিনি। তাঁর পৈত্রিক নিবাস খন্দকার বাড়ি, যেখানেই আজও তাঁর পূর্বপুরুষদের স্মৃতি রয়ে গেছে। ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকায় জন্ম নেওয়া এই কৃতি পুরুষের শিকড় কিন্তু গাঁথা মাটি ও মানুষের স্নেহ-ভালোবাসায় পরিপূর্ণ মুরাদনগরের এই ছোট্ট গ্রামে।

খালেদ মুহিউদ্দীনের দাদা আবদুর রউফ খন্দকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর থেকে মুরাদনগরে এসে বসতি স্থাপন করেন। তাঁর বাবা মোজাম্মেল হক খন্দকার ছিলেন রেলওয়ের কর্মকর্তা। শিক্ষাজীবন শুরু হয় নৌবাহিনী স্কুল (বর্তমান নৌবাহিনী কলেজ, ঢাকা) থেকে। এরপর এসওএস হারম্যান মেইনার কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিক খালেদ মুহিউদ্দীন
সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের পৈতৃক ভিটার পাশে (কবরস্থ) সমাহিত হয়েছেন তাঁর বাবা মোজাম্মেল হক। ছবি : দৈনিক আজকের কথা।

সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের পেশাগত জীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। কিছু সময় বাংলাদেশ সরকারের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রথম আলোতে সিনিয়র রিপোর্টার ও নগর পাতার সম্পাদক ছিলেন। বিডিনিউজ২৪ডটকম, আমাদের অর্থনীতি, সাপ্তাহিক কাগজ, মিডিয়া ওয়াচ— প্রতিটি জায়গায় তাঁর সম্পাদনা ও নেতৃত্ব গুণে প্রতিষ্ঠানগুলো পেয়েছে আলোকিত দিকনির্দেশনা।

ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। পাশাপাশি ৭ বছর ইনডিপেনডেন্ট টেলিভিশনে নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় টক শো ‘আজকের বাংলাদেশ’-এর উপস্থাপক হিসেবে ছিলেন। ২০০৬ সালে তিনি এডওয়ার্ড আর. মুরো ফেলো হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেন এবং ২০০৮-০৯ সালে বিশ্ব ব্যাংকের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ১৫ আগস্ট তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা-তে প্রধান সম্পাদক হিসেবে যোগ দেন, যা সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সাংবাদিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

কলমে জাত চিনিয়েছেন তিনি—তিনি শুধু মুরাদনগরের অহংকার নয়, সমগ্র বাংলার অহংকার

লেখালেখিতেও তাঁর অবদান প্রশংসনীয়। তাঁর লেখা ৯টি বইয়ের মধ্যে যোগাযোগের ধারণা ও যোগাযোগের তত্ত্ব ঢাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। এছাড়াও কয়েকজন আমি, এক মিলেনিয়াম আগের গল্প, মানুষী দুর্বলতা, তিষ্ঠ ক্ষণকাল ও কন্ট্রোল সি কন্ট্রোল ভি সহ আরও কয়েকটি বই তাঁকে একজন শক্তিশালী লেখক হিসেবেও প্রতিষ্ঠা দিয়েছে।

পারিবারিক জীবনে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের স্ত্রী ফারহানা শাওন একজন ব্যাংক কর্মকর্তা এবং তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। স্ত্রী তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে ছায়াসঙ্গী হয়ে পাশে থেকেছেন।

মুরাদনগরের মানুষ সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে নিয়ে গর্ব করেন। তাঁর সম্পর্কে ফুফাত ভাই ফজলুর রহমান বলেন, “খালেদ ভাইকে আমি প্রথম দেখি প্রায় ১০/১১ বছর আগে, তখন তিনি কুমিল্লা কোর্টে কর্মরত ছিলেন। আজ তিনি যেখানে পৌঁছেছেন, তা আমাদের গ্রামের জন্য এক বড় সম্মান।”

এ বিষয়ে বাংলাদেশে ইয়েমেনের অনারারি কনসুলার জেনারেল ও টিএএস এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান কে এম মুজিবুল হক বলেন, “খালেদ মুহিউদ্দীনের মতো মেধাবী, নীতিবান ও দায়িত্বশীল সাংবাদিক আমাদের সমাজের প্রেরণা। তিনি শুধু কুমিল্লার গর্ব নন, বাংলাদেশেরও একটি মূল্যবান সম্পদ।”

“সাংবাদিক খালেদ মুহিউদ্দীন শুধু একজন পেশাজীবী নন, তিনি আমাদের সময়ের এক অনন্য চিন্তাবিদ ও জাতির বিবেক। তাঁর সাংবাদিকতা, লেখালেখি এবং আন্তর্জাতিক অঙ্গনে অবদান আমাদের পুরো মুরাদনগরের জন্য গর্বের বিষয়। তিনি আমাদের প্রমাণ করে দিয়েছেন—একজন সাধারণ গ্রামের সন্তানও প্রতিভা, নিষ্ঠা ও শ্রমের মাধ্যমে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারেন। আমরা তাঁর সাফল্যে যেমন অনুপ্রাণিত, তেমনি কৃতজ্ঞ। সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের মতো ব্যক্তিত্ব মুরাদনগরের ইতিহাসে চিরভাস্মর হয়ে থাকবেন। আমি ব্যক্তিগতভাবে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সৃষ্টিশীল অর্জনের জন্য দোয়া করছি।” — বলেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কথা পত্রিকার সম্পাদক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী।

সর্বশেষ সংবাদের জন্য যুক্ত থাকুন:
সম্পাদকীয় নোট

প্রকাশিত সংবাদটি আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রস্তুত ও পুনর্লিখন করা হয়েছে। নতুন বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

সম্পাদক- দৈনিক আজকের কথা
এলাকার খবর

বিরোধী দলের ওপর কোনো জুলুম-অত্যাচার নয়: ধর্মমন্ত্রী কায়কোবাদ

এবাদুল্লাহ ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম
বিরোধী দলের ওপর কোনো জুলুম-অত্যাচার নয়: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ষড়যন্ত্রকারীরা দেশের, জাতির ও জনগণের দুশমন

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কোনো ধরনের জুলুম, অত্যাচার, অন্যায় ও অবিচার না করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য, ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগর বড় মাদ্রাসা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কায়কোবাদ বলেন, “বিরোধী দলের ওপর যেন কোনো অত্যাচার-জুলুম না হয়, কোনো অন্যায়-অবিচার না হয়—সেদিকে সজাগ থাকতে হবে। তারা আমাদেরই ভাই। তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

দৈনিক আজকের কথা
বিরোধী দলের ওপর যেন কোনো অত্যাচার-জুলুম না হয়, কোনো অন্যায়-অবিচার না হয়—সেদিকে সজাগ থাকতে হবে। তারা আমাদেরই ভাই। তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
— কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
সংসদ সদস্য, কুমিল্লা-৩ (মুরাদনগর), ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান।

তিনি আরও বলেন, “ষড়যন্ত্র থেকেও আমাদের সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা দেশের দুশমন, জাতির দুশমন এবং সাধারণ মানুষের দুশমন। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, “আমাদের শপথ নিতে হবে—আমরা অন্যায় করব না, অবিচার করব না, জুলুম করব না। আমরা আওয়ামী লীগের মতো জুলুম-নির্যাতন করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাত দ্বারা কোনো ভাই যেন ক্ষতিগ্রস্ত না হন।”

উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মহিউদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আজিজ মোল্লা, ফারুক সরকার মজিব, শাহআলম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, জাসাসের আহ্বায়ক আবু বক্কর ও জিসাসের আহ্বায়ক জসীমউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, দুলাল আহমেদ, জহির সিদ্দিকী, কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, ওলামা দলের আহ্বায়ক মো. মহিবুল্লাহ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ, যুবদল নেতা মাসুম মুন্সী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জুয়েল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্যসচিব মো. সুমন মাস্টার এবং কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. এনামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মুরাদনগর উপজেলা হেফাজতের নায়েবে আমির হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম। দোয়ায় দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করা হয়।

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট: প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Oplus_16908288

বাগেরহাটের মোংলায় র‍্যাব-৬-এর বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে মোংলা থানার দিগরাজ এলাকায় এ অভিযান চালানো হয়। র‍্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গোপাল সরকারকে হাতেনাতে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার গোপাল সরকার মোংলা থানার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মোংলা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক সরবরাহের উৎস, পাচারের রুট এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

দৈনিক আজকের কথা
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার গোপাল সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
— লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ
অধিনায়ক, র‍্যাব-৬, খুলনা

স্থানীয়দের অভিযোগ, মোংলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা রয়েছে। বিশেষ করে মাদক বিস্তারের কারণে তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, শুধু খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের গ্রেফতার নয়, মাদকের পেছনে থাকা মূল সরবরাহকারী ও সিন্ডিকেটের সদস্যদেরও আইনের আওতায় আনতে হবে।

র‍্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার গোপাল সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গাঁজাসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

থেমে থাকা সেতুর কাজ ফের শুরু, কায়কোবাদের উদ্যোগে বদলে যাচ্ছে নতুন উপজেলা বাঙ্গরার ১০ গ্রামের ভাগ্য

আজকের কথা ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম
থেমে থাকা সেতুর কাজ ফের শুরু, কায়কোবাদের উদ্যোগে বদলে যাচ্ছে নতুন উপজেলা বাঙ্গরার ১০ গ্রামের ভাগ্য

কখনো বাঁশের সাঁকো, কখনো জীবনের ঝুঁকি, এভাবেই প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা বর্তমানে বাঙ্গরা উপজেলার পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা ও কালারাইয়া গ্রামের মানুষের। আর্সি নদীর ওপর একটি পাকা সেতুর জন্য দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষের পথে। নির্মাণকাজ দীর্ঘদিন থেমে থাকার পর আবারও পুরোদমে এগিয়ে যাচ্ছে সেতুটির কাজ। ইতোমধ্যে ৪২ মিটার দীর্ঘ গার্ডার সেতুর ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। এতে দৃশ্যমান হতে শুরু করেছে এলাকাবাসীর শত বছরের লালিত স্বপ্ন।

রোববার (৩০ আগস্ট) বিকেলে সেতুটির ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সেতুর অবকাঠামো দৃশ্যমান হওয়ায় নদীপাড়ের গ্রামগুলোতে দেখা দিয়েছে আনন্দ ও স্বস্তি।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক টানাপোড়েনসহ নানা কারণে একপর্যায়ে সেতুটির নির্মাণকাজ থমকে যায়। পরে স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কায়কোবাদ-এর উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় আবারও নির্মাণকাজ পুরোদমে শুরু হয়। এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে অবশিষ্ট কাজ।

প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সেতুটির কাজ শুরু হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। ৪২ মিটার দীর্ঘ গার্ডার সেতুটির দুই পাশে রয়েছে মোট ২০০ মিটার সংযোগ সড়ক। সংশ্লিষ্টদের আশা, চলতি বছরের শেষ নাগাদ নির্মাণকাজ পুরোপুরি শেষ করা সম্ভব হবে। এরপর যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ধনপতিখোলা থেকে কালারাইয়া ও রোয়াচালা হয়ে সড়কটি দৌলতপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু আর্সি নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে এ পথে চলাচলকারী মানুষকে একটি নড়বড়ে বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হয়েছে। বর্ষা মৌসুমে সেই দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করত।

বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, নারী, শিশু ও বয়স্কদের নদী পারাপারে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অনেক সময় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

সেতুর নির্মাণকাজ এগিয়ে যাওয়ার দৃশ্য দেখে আবেগাপ্লুত প্রবীণ বাসিন্দা

দৈনিক আজকের কথা
আমার জীবনের বড় আকাঙ্ক্ষা ছিল এই সেতুটি দেখে যাওয়া। এতদিনে আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
— হাজী তৈয়ব আলী
৮৫ বছর বয়সী স্থানীয় প্রবীণ বাসিন্দা

প্রবীণ বাসিন্দা হাসু রানী বলেন, “জীবনে কত মেম্বার-চেয়ারম্যান দেখলাম, কিন্তু কেউ এই সেতুটি করতে পারেনি। আমার এই বয়সে সেতুটি দেখে যেতে পারব, তা কখনো ভাবিনি।”

কৃষক মজিবুর রহমান বলেন, “কোনো দিন ভাবিনি এখানে পাকা সেতু হবে। সেতুটি হলে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে।”

গৃহবধূ সুভা রানী ঘোষ বলেন, “শত বছরের সাধনার মতো ছিল আমাদের এই সেতু। এখন এটি বাস্তবায়িত হচ্ছে। এতে এলাকার মানুষের অনেক উপকার হবে।”

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, “সেতু না থাকায় শিক্ষার্থীদের দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। যোগাযোগ সমস্যার কারণে অনেক শিক্ষার্থী সময়মতো স্কুলে যেতে পারত না। সেতুটি চালু হলে এ সমস্যা অনেকটাই দূর হবে।”

এলাকাবাসী জানান, আর্সি নদীর ওপর সেতু না থাকায় শুধু যোগাযোগ নয়, স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কৃষকরা উৎপাদিত পণ্য বাজারে নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করেছেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনও ছিল কঠিন। বিশেষ করে রাতের বেলায় কেউ অসুস্থ হলে নদী পারাপার নিয়ে পরিবারকে দুশ্চিন্তায় পড়তে হতো।

এদিকে দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিয়ে ‘ভোরের কাগজ’-এ সংবাদ প্রকাশের পর কাঙ্ক্ষিত সেতুর নির্মাণকাজ এগিয়ে যাওয়া স্থানীয়দের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে। এলাকাবাসীর মতে, গণমাধ্যম মানুষের সমস্যাগুলো তুলে ধরলে অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয় এবং সমাধানের পথ তৈরি হয়।

দৈনিক আজকের কথা
আর্সি নদীর ওপর সেতু নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার সেতুটি নির্মাণের মাধ্যমে সেই দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ নিচ্ছে।
— রুহুল আমিন
সাবেক চেয়ারম্যান, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন।

তিনি বলেন, প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটি চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়রা আরও জানান, সেতুটি নির্মাণের আগে ধনপতিখোলা, কালারাইয়া, রোয়াচালাসহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন ছিল। নদী পারাপারের জন্য বাঁশের সাঁকোই ছিল প্রধান ভরসা। বর্ষাকালে নদীতে পানি বাড়লে সাঁকো পারাপার হয়ে উঠত আরও ঝুঁকিপূর্ণ।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, সেতুটি নির্মাণ শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়; এটি বহু পরিবারের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে জড়িত। সেতু চালু হলে একদিকে যেমন সহজ হবে মানুষের যাতায়াত, অন্যদিকে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতও সহজ হবে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে থেমে থাকা নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ায় এখন তাদের প্রত্যাশা দ্রুততম সময়ে বাকি কাজ শেষ করে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সেতুটিকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কেউ কেউ নির্মাণাধীন সেতুর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। প্রবীণরা বলছেন, তাদের জীবনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তরুণ প্রজন্মের কাছে এটি হতে যাচ্ছে নিরাপদ যোগাযোগের নতুন দ্বার।

স্থানীয়দের প্রত্যাশা, সেতুটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি সংযোগ সড়কের কাজও যথাযথভাবে সম্পন্ন করা হবে। কারণ সেতু নির্মাণের পর সংযোগ সড়ক ব্যবহার উপযোগী না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

এলাকাবাসীর মতে, আর্সি নদীর ওপর সেতুটি চালু হলে শুধু দুই পাড়ের মানুষের যোগাযোগই সহজ হবে না, আশপাশের প্রায় ১০ গ্রামের সঙ্গে উপজেলা ও প্রধান সড়কের যোগাযোগও আরও গতিশীল হবে। কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসাসেবায় এর ইতিবাচক প্রভাব পড়বে।

দীর্ঘদিনের দুর্ভোগ পেরিয়ে এখন তাই ধনপতিখোলা ও কালারাইয়া গ্রামের মানুষের চোখে নতুন স্বপ্ন। বাঁশের সাঁকোর ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে এবার তারা অপেক্ষা করছেন একটি নিরাপদ ও স্থায়ী সড়ক যোগাযোগের জন্য। থেমে থাকা নির্মাণকাজ আবার সচল হওয়া এবং সেতুর ছাদ ঢালাই শেষ হওয়ায় সেই স্বপ্ন এখন আর কেবল কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি।

এলাকাবাসীর একটাই প্রত্যাশা, নির্মাণকাজ দ্রুত শেষ করে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হোক। তাহলেই শত বছরের অপেক্ষার অবসান ঘটবে, বদলে যাবে নদীপাড়ের মানুষের জীবনযাত্রা।

×
ENG