উত্তরা মাইলস্টোন বিক্ষোভে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ দুই উপদেষ্টা, পুলিশি নিরাপত্তায় মুক্ত

উত্তরা মাইলস্টোন বিক্ষোভ- উত্তেজনা, যুদ্ধবিমান দুর্ঘটনার তদন্তে গিয়ে ঘেরাও হন উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার
উত্তরা মাইলস্টোন বিক্ষোভ মঙ্গলবার চরম উত্তেজনাকর রূপ নেয়, যখন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর অবশেষে তারা পুলিশের নিরাপত্তায় মুক্তি পান।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া স্থানে পরিদর্শনে আসেন তারা। উপস্থিত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উপদেষ্টারা ৫ নম্বর ভবনের নিচতলায় একটি কক্ষে আশ্রয় নিতে বাধ্য হন।
পরে শিক্ষার্থীদের মধ্যে ৫-৭ জন প্রতিনিধি আলোচনার জন্য ভেতরে যান। কিন্তু খবর ছড়িয়ে পড়ে—উপদেষ্টারা ভবনের ভেতরে অবস্থান করছেন। মুহূর্তেই কয়েক হাজার শিক্ষার্থী ভবন ঘিরে ফেলেন এবং স্লোগান ও দাবি-দাওয়ার মাধ্যমে ঘেরাও অব্যাহত রাখেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পর প্রশাসন ব্যর্থ হয়েছে সঠিকভাবে উদ্ধার, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে। তারা আরও বলেন, আইডি কার্ডে জরুরি তথ্যের অভাব, সংকীর্ণ গেটের কারণে বিলম্ব—সব মিলিয়ে বড় ধরণের অব্যবস্থাপনা হয়েছে।
উত্তেজনা প্রশমনে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের একাধিক চেষ্টা ব্যর্থ হয়। শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীদের অবস্থান কিছুটা শান্ত হলে উপদেষ্টারা পুলিশের নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করেন।
উত্তরা মাইলস্টোন বিক্ষোভ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জোরালোভাবে সামনে এনেছে।
প্রকাশিত সংবাদটি আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রস্তুত ও পুনর্লিখন করা হয়েছে। নতুন বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।
মুরাদনগরে ইলিশ মাছের পিকআপ ডাকাতি, ১৯ মামলার আসামি ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

শনির আখড়া থেকে এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ অভিযানে গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, কুমিল্লার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন চালক ও সহযোগীকে সঙ্গে নিয়ে পিকআপভ্যানে ইলিশ মাছ পরিবহন করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে একটি সাদা রঙের পিকআপ দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল।
এ সময় দেশীয় অস্ত্রের মুখে চালক ও মাছ ব্যবসায়ীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রাখা হয়। পরে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলিশ মাছবোঝাই পিকআপ এবং ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় মুরাদনগর থানায় গত ২ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। মামলাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ নভেম্বর রাত ১১টার দিকে ঢাকা মহানগরীর শনির আখড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-১১, সিপিসি-২ এবং এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ীর একটি যৌথ আভিযানিক দল। অভিযানে ডাকাত সর্দার ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর চৌমুহনী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত হেকিম আব্দুল মান্নান এবং মাতা সামছুন্নাহার। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় বসবাস করতেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআরবি জানায়, প্রাথমিক অনুসন্ধান, জিজ্ঞাসাবাদ এবং পুলিশি রেকর্ড পর্যালোচনায় ইদ্রিস মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতির ১৯টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার এবং বিভিন্ন সময়ে বিদেশফেরত প্রবাসী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ডাকাতি করতেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক ও উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কলেজ ক্যাম্পাসের কাছেই উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ (২৮) নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জলাশয়টি ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ গজ দূরে অবস্থিত।
নিহত আদনান ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া দাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে এবং বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কাছের একটি ভারতীয় খাবারের হোটেলে যান। রাত ১২টা ৫ মিনিটের পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
নিখোঁজের খবর পেয়ে পুলিশ ও কলেজ প্রশাসন বিভিন্ন স্থানে তাঁর সন্ধানে তল্লাশি চালায়। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে জলাশয়ে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়। এরপর থেকে পুলিশ তাঁকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজখবর ও অভিযান চালাচ্ছিল। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজিং বন্ধে হাইকোর্টের নির্দেশনার পর ৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে প্রায় ৫০০টি অবৈধ ড্রেজার ধ্বংস ও অপসারণ করা হয়েছে। একই সঙ্গে প্রায় দুই লাখ ফুট পাইপ ধ্বংস ও অপসারণ করা হয়েছে। অভিযানে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৯৫ লাখ টাকা। এ ছাড়া আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা ভূমি অফিস থেকে কুমিল্লার জেলা প্রশাসকের কাছে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের ৫ মার্চ হাইকোর্টের দেওয়া আদেশের পর অবৈধ বালু উত্তোলন ও ড্রেজিং বন্ধ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারে এসব অভিযান পরিচালনা করা হয়। এ-সংক্রান্ত রিট পিটিশন নম্বর ১৪১০৮/২২।
প্রতিবেদনে বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ৫২ ধারায় এসব অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। অবৈধ ড্রেজিংয়ের কারণে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার সড়ক, জলাশয় ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কোথাও কোথাও ড্রেজারের পাইপ বসিয়ে সড়ক ও কৃষিজমির ওপর দিয়ে বালু পরিবহন করা হচ্ছিল। এসব কর্মকাণ্ড বন্ধ এবং জনসাধারণের চলাচলের সড়ক ও কৃষিজমি রক্ষায় অভিযান চালানো হয়।
প্রতিবেদনে কয়েকটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি মুক্তি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই বছরের ২ ফেব্রুয়ারি চালিয়া কাচি-২ এলাকার রুবিয়া ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ০১/২০২৫। ৬ ফেব্রুয়ারি ধামঘর-৩ এলাকার শাপলা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়, যার মামলা নম্বর ৩০/২০২৫। বাঘারনগর এলাকার একটি ইটভাটা ভেঙে দেওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, দুর্গম এলাকায় গিয়ে ড্রেজার জব্দ করা সম্ভব না হওয়ায় ২১টি ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধভাবে পুকুর বা গর্ত খননের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুনানিতে অনুপস্থিত থাকায় পরবর্তী সময়ে গর্ত বা পুকুর ভরাটের নির্দেশ এবং এ-সংক্রান্ত ব্যয় আদায়ের বিষয়টি বিবেচনায় রয়েছে।
অবৈধ ড্রেজার পরিচালনাকারীদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অবৈধ বালু উত্তোলন ও ড্রেজিংয়ের ঘটনায় কয়েকটি মামলা ও মোবাইল কোর্টের নথির তথ্য প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও আসামিদের গ্রেপ্তারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদনের সঙ্গে ড্রেজার-সংক্রান্ত ১৬ ফর্দ তথ্য, ইউনিয়ন ভূমি অফিসের ২৪ ফর্দ প্রতিবেদন, ৫২টি মোবাইল কোর্টের আদেশ এবং একটি স্থিরচিত্র সংযুক্ত করা হয়েছে। গত ৩ আগস্ট ২০২৬ তারিখে মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে সাকিব হাসান খান প্রতিবেদনটি স্বাক্ষর করে কুমিল্লার জেলা প্রশাসকের কাছে পাঠান।


























