ঈদ ঘিরে পুলিশের কড়াকড়ি
পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহুবলে পুলিশের বিশেষ মহড়া, নিরাপত্তা জোরদার
পুলিশ সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মহড়া ও টহল কার্যক্রম জোরদার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
রবিবার (১০ মে) উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, বাসস্ট্যান্ড, গরুর হাট ও জনসমাগমপূর্ণ বিভিন্ন এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সপ্তাহ ও আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, যানজট, কোরবানির পশুর হাটে বিশৃঙ্খলা এবং যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। মহড়ায় পুলিশের একাধিক টিম অংশ নেয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
মহড়াকালে বাহুবল বাজার, মিরপুর বাজার, উপজেলার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও গরুর হাট এলাকায় টহল জোরদার করা হয়। পাশাপাশি যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সদস্যরা।
বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন,
“পুলিশ সপ্তাহ ও আসন্ন ঈদকে সামনে রেখে বাহুবলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টহল ও মহড়া অব্যাহত রয়েছে। জনগণের জানমাল রক্ষায় বাহুবল থানা পুলিশ সর্বদা প্রস্তুত। কোনো ধরনের অপরাধ, নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “পশুর হাট, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। যেকোনো সন্দেহজনক বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, উৎসবকে সামনে রেখে পুলিশের বাড়তি নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















